হংকংয়ে ফেরির ধাক্কায় নৌকাডুবি, মৃত ৩৬
হংকংয়ে নৌকা ডুবে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে লামা দ্বীপের কাছে একটি ফেরির সঙ্গে আকস্মিক সংর্ষের পর নৌকাটি তলিয়ে যায়। এ ঘটনায় নৌকা ও ফেরির ছয় ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে।চীনের জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে হংকং ইলেকট্রিক কোম্পানির কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের পরিবারের সদস্যসহ নৌভ্রমণের আয়োজন করে। কোম্পানির নিজস্ব ওই নৌকাটিতে নারী ও শিশুসহ ১২০ জন ছিল। এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় ভিক্টোরিয়া হারবারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। ফেরির সঙ্গে ধাক্কা খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি তলিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই অন্তত ২৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া প্রায় ১০০ জনকে উদ্ধার করে হংকং দ্বীপে নেওয়া হয়। সেখানে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও আটজনের মৃত্যু হয়। অন্য নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে আকস্মিকভাবে। প্রায় ১০ মিনিটের মধ্যেই এটি তলিয়ে যায়। তাই তাঁরা লাইফ জ্যাকেট পরার সুযোগ পাননি। অন্য একজন বলেন, ‘আমার দুই শিশুসন্তান এখনো নিখোঁজ। আমি জানি না, ওদের ভাগ্যে কী ঘটেছে। ওরা কোথায় আছে।’ হংকং সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে বিমান ও নৌ-তল্লাশি অব্যাহত আছে।১৯৭১ সালে টাইফুনের আঘাতে একটি ফেরি ডুবে ৮৮ জনের প্রাণহানি হয়। এএফপি ও বিবিসি।