হংকংয়ে রুশ আশ্রয়ে ছিলেন স্নোডেন
মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী তরুণ এডওয়ার্ড স্নোডেন হংকংয়ে রাশিয়ার কূটনৈতিক দপ্তরে (কনস্যুলেট) বেশ কয়েক দিন অবস্থান করেছিলেন। মস্কো যাওয়ার আগেই তিনি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।রুশ সংবাদপত্র কোমেরসান্ত স্নোডেনের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায়, তিনি গত জুনে রাশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে বেশ কয়েক দিন দেশটির হংকং কনস্যুলেটে ছিলেন। নিজের ৩০তম জন্মদিনও তিনি সেখানেই উদ্যাপন করেন। পত্রিকায় প্রকাশিত খবরের সত্যতা নিশ্চিত করে পশ্চিমা একটি সূত্র জানায়, স্নোডেনকে রাশিয়ায় যাওয়ার জন্য দেশটির কর্মকর্তারাই সম্ভবত আমন্ত্রণ জানিয়েছিলেন। আর তিনি হংকং ছেড়ে যাওয়ায় চীনও খুশি হয়েছিল।রুশ সরকারের একটি সূত্র হংকং কনস্যুলেটে স্নোডেনের অবস্থানের বিষয়টি কোমেরসান্তকে নিশ্চিত করে। তবে তাঁকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটি ওই সূত্র থেকে নিশ্চিত করা হয়নি। এএফপি ও রয়টার্স