হইচই ফেলার আগে নিষিদ্ধ হওয়া বইগুলো
নিষিদ্ধ কিছুর প্রতি মানুষের আগ্রহ চিরকালের। আর তা যদি বই হয়, তবে তো কথাই নেই। বিশ্বের বেশ কিছু বিখ্যাত বই একসময় নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা কিন্তু এসব বইয়ের কাটতি কমাতে পারেনি। উল্টো বিতর্কের আগুনে ঘি ঢেলে আরও বেশি পাঠকের হাতে পৌঁছেছে বইগুলো। পেয়েছে ধ্রুপদি সাহিত্যের মর্যাদা।

১. দ্য কল অব দ্য ওয়াইল্ড
মার্কিন লেখক জ্যাক লন্ডনের এই বই ১৯০৩ সালে প্রকাশিত হয়। প্রকাশের পর পরই যুগোস্লাভিয়া ও ইতালিতে বইটি নিষিদ্ধ করা হয়। ‘অতি উগ্রবাদী’ তকমা দিয়ে বইটি নিষিদ্ধ করা হয়েছিল। জার্মানির নাৎসিরাও ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ পছন্দ করেনি। সমাজতন্ত্রের প্রতি লেখক জ্যাক লন্ডনের স্বাভাবিক ঝোঁকের কারণে বইটির অজস্র কপি পুড়িয়ে দিয়েছিল নাৎসিরা।

২. দ্য গ্রেপস অব র্যাথ
মার্কিন ঔপন্যাসিক জন স্টাইনবেকের বিখ্যাত উপন্যাস ‘দ্য গ্রেপস অব র্যাথ’। ১৯৩৯ সালে প্রকাশিত এ উপন্যাসের মূল বিষয়বস্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। অর্থনীতির কঠিন সময়ে সাধারণ মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা নিয়েই আবর্তিত হয়েছে উপন্যাসটির ঘটনাপ্রবাহ। বইটিতে একজন প্রান্তিক কৃষকের গল্প বলা হয়েছে, যে কিনা আর্থিক দুরবস্থার কারণে ওকলাহোমা থেকে কাজের আশায় ক্যালিফোর্নিয়া চলে আসে। জন স্টেইনবেক এই উপন্যাসের জন্য জাতীয় পুরস্কার ও পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর নোবেল পুরস্কার পাওয়ার পেছনেও এই সাহিত্যকর্ম মূল নিয়ামক ছিল বলে মনে করেন বোদ্ধারা। কিন্তু প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছিল বইটি।
প্রাথমিকভাবে সাধারণ মানুষের মধ্যে বইটি নিষিদ্ধ করা হয়, অনেকে এর কপি প্রকাশ্যে পুড়িয়ে ক্ষোভও জানিয়েছিলেন। কিছু সমালোচক জন স্টেইনবেকের বিরুদ্ধে কমিউনিস্ট আদর্শ ছড়ানোর অভিযোগও করেছিলেন। এত কিছুর পরও ‘দ্য গ্রেপস অব র্যাথ’ পেয়েছিল বেস্ট সেলারের তকমা। প্রকাশের এক বছরের মধ্যেই বইটির ৪ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল।

৩. ইউলিসিস
আইরিশ লেখক জেমস জয়েসের এই উপন্যাস ১৯২২ সালে প্রকাশিত হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সাহিত্যকর্ম হিসেবে বইটিকে বিবেচনা করা হয়। তবে উপন্যাসটির ভাষা ও যৌনতা–সংশ্লিষ্ট বিষয়বস্তু কারও কারও পছন্দ হয়নি। শুধু কয়েকটি রাজ্য নয়, ১৯২১ সালে দ্য নিউইয়র্ক সোসাইটি নামের একটি গোষ্ঠীর তৎপরতায় বইটিকে পুরো যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার মাত্রা এমনই ছিল যে যুক্তরাষ্ট্রের ডাকঘরগুলোকে নিয়মিত এই উপন্যাসের কপি পোড়াতে হতো। পরে ১৯৩৩ সালে বইটির প্রকাশক রাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় জিতলে নিষেধাজ্ঞার অবসান ঘটে।

৪. অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত বিখ্যাত উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের এই বই ১৯২৯ সালে প্রকাশিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা যে প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপ সহ্য করে যুদ্ধক্ষেত্রে ছিলেন, সেই বিষয়কে উপজীব্য করেই উপন্যাসটি রচিত। তবে উপন্যাসটি পড়ে ভালো লাগেনি রেমার্কের নিজের দেশের নাৎসি নেতাদের। তাঁরা ভেবেছিলেন, বইটি বেশি মানুষের হাতে গেলে দলের প্রচার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ওই সময় জার্মানিজুড়ে বইটি নিষিদ্ধ করা হয়েছিল।

৫. অ্যানিমেল ফার্ম
ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ‘অ্যানিমেল ফার্ম’। ১৯৪৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। তবে বিষয়বস্তুর কারণে যুক্তরাজ্যে বইটির প্রকাশে সাময়িক বিলম্ব ঘটে। জর্জ অরওয়েল নিজে সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্তালিনের শাসনের সমালোচক ছিলেন তিনি। প্রকারান্তরে স্তালিনের মতবাদের বিরোধিতা করা হয়েছিল ‘অ্যানিমেল ফার্ম’ উপন্যাসটিতে। ওই সময় জার্মানিতে বইটি বাজেয়াপ্ত করেছিল মিত্র বাহিনী। ১৯৪৬ সালে যুগোস্লাভিয়ায় বইটি নিষিদ্ধ করা হয়। ১৯৯১ সালে বইটি নিষিদ্ধ হয় কেনিয়ায়। একবিংশ শতাব্দীতেও নিষেধাজ্ঞা এড়াতে পারেনি ‘অ্যানিমেল ফার্ম’। ২০০২ সালে সংযুক্ত আরব আমিরাতে বইটি নিষিদ্ধ করা হয়েছিল।
৬. লোলিতা
রুশ-মার্কিন বংশোদ্ভূত লেখক ভ্লাদিমির নাবোকভের লেখা ‘লোলিতা’ উপন্যাসটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল। মধ্যবয়স্ক এক ব্যক্তির সঙ্গে তাঁর ১২ বছরের সৎমেয়ের অসম সম্পর্ক নিয়ে এই উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে। ১৯৫৫ সালে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় বইটি অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ করা হয়। ১৯৫৮ সালে কানাডায়ও এই উপন্যাসের ওপর খড়গ নেমেছিল, পরে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
মেন্টাল ফ্লস অবলম্বনে অর্ণব সান্যাল