হকিংয়ের চেয়েও বেশি বুদ্ধি!
মাত্র ১১ বছর বয়স ভিক্টোরিয়া কাউয়ির। সমবয়সী অন্য সব মেয়ের মতো হেসেখেলে বেড়ায় সে। তবে একটি ক্ষেত্রে ভিক্টোরিয়া অন্যদের চেয়ে আলাদা। তার মেধাশক্তি অসাধারণ। আইকিউ পরীক্ষায় ১৬২ নম্বর পেয়েছে ভিক্টোরিয়া। এই কৃতিত্বে সে মেধার দিক দিয়ে আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং ও বিল গেটসকে ছাড়িয়ে গেছে। তাঁদের আইকিউ ১৬০-এর বেশি নয় বলে ধারণা করা হয়।যুক্তরাজ্যের ওলভারহ্যাম্পটনের ক্ল্যাভারলেতে থাকে ভিক্টোরিয়া। মা-বাবা একটি স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান চালান। যুক্তরাজ্যে যে ১ শতাংশ নাগরিককে সবচেয়ে মেধাবী বলে গণ্য করা হয়, এর মধ্যে তার অবস্থান এখন শীর্ষে। এর মধ্যে উঁচুমাত্রার আইকিউয়ের জন্য খ্যাত মেনসা নামের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সে। মেনসা প্রতিষ্ঠানে ভর্তি হতে আইকিউ পরীক্ষায় পাওয়া নম্বর অনুযায়ী ভিক্টোরিয়া এখন মেধার দিক দিয়ে অনেক খ্যাতনামা ব্যক্তির চেয়েও ওপরে। আইকিউ পরীক্ষায় ভিক্টোরিয়া অসাধারণ ফল করার পর যুক্তরাজ্যের সেরা চারটি বিদ্যালয় তাকে বৃত্তিসহ বিনা খরচে পড়ানোর প্রস্তাব দিয়েছে। উৎ ফুল্ল ভিক্টোরিয়ার ভাষ্য, ‘ফলাফল পেয়ে আমি সত্যিই অবাক হয়েছি।’ মেইল অনলাইন।