হট্টগোলে পার্লামেন্ট অধিবেশন স্থগিত
ভারতে কয়লাখনি কেলেঙ্কারির অভিযোগ তুলে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতকাল মঙ্গলবার আবারও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করেছে। এ নিয়ে পার্লামেন্টে হট্টগোলের একপর্যায়ে উভয় কক্ষের অধিবেশন এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়। পরে কংগ্রেসের এক সভা শেষে ক্ষমতাসীন কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধী বিজেপির দাবি আবারও নাকচ করে দিয়ে সংবাদিকদের বলেন, ওদের বলতে দিন। কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে আলোচনায় বিজেপি সুপ্রিম কোর্টে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) হলফনামা প্রসঙ্গে পার্লামেন্টে আইনমন্ত্রীর একটি বিবৃতি দাবি করেন। একপর্যায়ে তাঁরা মনমোহনের পদত্যাগের দাবি তুললে তুমুল হট্টগোলের মুখে গতকাল সকালে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়। এরপরই সোনিয়ার নেতৃত্বে কংগ্রেসের গুরুত্বপূর্ণ একটি সভা ডাকা হয়। এতে ওই কেলেঙ্কারির বিষয়টিকে কেন্দ্র করে সরকার ও প্রধানমন্ত্রীর ওপর বিরোধী দলের আক্রমণ প্রতিহত করার কৌশল নিয়ে আলোচনা হয়। পার্লামেন্টবিষয়ক মন্ত্রী কমল নাথ ওই সভায় উপস্থিত ছিলেন।অন্যদিকে বিজেপিও লালকৃষ্ণ আদভানির সভাপতিত্বে গতকাল পার্লামেন্টারি পার্টির এক সভা ডেকে কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নেয়। দলটির উপনেতা রবি শংকর প্রসাদ বলেন, কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে সত্য প্রকাশে প্রতিবন্ধকতা তৈরি করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করছে। সিবিআইর তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আইনমন্ত্রীর পক্ষ থেকে স্থূল হস্তক্ষেপ হয়েছে। দেশের কাছে এখন বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। তাই এই দায় স্বীকার করে প্রধানমন্ত্রী মনমোহনকে পদত্যাগ এবং আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে। পার্লামেন্টে বিজেপির সদস্যরা প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে গতকাল বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিরোধী দলের দাবি ও চাপ মোকাবিলার কৌশল সম্পর্কে কংগ্রেস নেতাদের গতকাল বিভিন্ন নির্দেশনা দেন সোনিয়া গান্ধী। তিনি বিরোধী দলের নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে দলীয় সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কেন তাদের নেতিবাচক প্রচারণা মেনে নেব? তাদের জিজ্ঞেস করা উচিত, এই দেশে পরিবর্তন আনার ব্যাপারে আপনারা বা আপনাদের দল কী করেছে? আমি নিশ্চিত, তারা বিশ্বাসযোগ্য কোনো উত্তর দিতে পারবে না।’ পিটিআই।