হট্টগোলে শেষ হলো ভারতের পার্লামেন্ট অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের অধিবেশন নির্ধারিত সময়ের আগেই গতকাল শুক্রবার দুপুরে শেষ করে দেওয়া হয়েছে। শুরু থেকেই এবারের অধিবেশন বিক্ষোভ ও হট্টগোলে উত্তাল ছিল। গতকালও তার ব্যত্যয় ঘটেনি। ফলে অধিবেশনের প্রায় পুরো সময়টাই অপচয় হয়েছে বলে মনে করা হচ্ছে।ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতারা কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে অধিবেশন শুরুর পর থেকেই পার্লামেন্টের উচ্চ ও নিম্ন—উভয় কক্ষই সরগরম করে রাখেন। গতকাল ১৬তম কার্যদিবসেও তাঁরা প্রতিবাদ করেন। বিরোধী আইনপ্রণেতারা কাগজপত্র নেড়ে উচ্চ স্বরে চিৎকার শুরু করেন। ফলে পার্লামেন্টের উভয় কক্ষের দুই স্পিকার গতকাল দুপুরের পরপরই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হন। অবশ্য গতকাল ছিল চলতি অধিবেশনের চূড়ান্ত দিন।কংগ্রেস সাংসদ জগদম্বিকা পাল পার্লামেন্টের বাইরে বলেন, ‘এটা দুঃখজনক যে, হাউসকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না। বিজেপিই এ জন্য দায়ী।...তারা সংসদীয় গণতন্ত্র নিয়ে উপহাস করেছে।’গত ৮ আগস্ট পার্লামেন্টের এই অধিবেশন শুরু হয়। নয়াদিল্লিভিত্তিক স্বতন্ত্র গবেষণা গ্রুপ পিআরএস লেজিসলেটিভ রিসার্চের প্রতিবেদন মতে, পার্লামেন্টে এই বর্ষাকালীন অধিবেশনে সম্ভাব্য ১২০টি বিলের ওপর আলোচনা হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ২৫টির ওপর। উভয় কক্ষে মাত্র চারটি বিল পাস হয়েছে, যদিও বিতর্ক অনুষ্ঠানের জন্য অবসর ভাতা, ভূমি অধিগ্রহণ, করব্যবস্থায় সংস্কার এবং দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ প্রায় ৩০টি বিষয় তালিকাভুক্ত ছিল। পিআরএস আরও জানায়, বিল পাস হওয়া চারটি বিলের মধ্যে তিনটি গত সোমবার মাত্র ২০ মিনিটেই পাস হয়। তা-ও আবার কোনো আলোচনা ছাড়াই। এএফপি।