হঠাৎ অবসরের ঘোষণা দিলেন প্রবীণ মার্কিন সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস বিটের দায়িত্ব পালনকারী প্রতিবেদক প্রবীণ সাংবাদিক হেলেন টমাস আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। ইসরায়েল-সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জের ধরে এ ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে কাজ করা হেলেন টমাস ২০০০ সাল থেকে হার্স্ট সংবাদপত্র গ্রুপের জন্য কলাম লিখতেন। সম্প্রতি নিউইয়র্কের এক চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া সাক্ষাৎকারে ৮৯ বছর বয়সী হেলেন বলেন, ‘দখলদার ইসরায়েলিদের ফিলিস্তিন থেকে দূর হওয়া উচিত’। তারা কোথায় যাবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা নিজের দেশে যাক।... জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র বা অন্য যেকোনো দেশে।’ ওই সাক্ষাৎকার গ্রহণকারী হেলেনের মন্তব্যটি তাঁর নিজের ওয়েবসাইটে তুলে দিলে তা ব্যাপক প্রচারের পাশাপাশি বিতর্কের ঝড় ওঠে। তবে হেলেন পরে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পাশাপাশি তিনি অবিলম্বে অবসর নিচ্ছেন বলেও জানান। হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবস সাংবাদিক হেলেনের মন্তব্যকে ‘অশোভন ও তিরস্কারযোগ্য’ বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউস কভার করেন এমন অন্য সাংবাদিকরাও তাঁর সমালোচনা করেছেন, যা একটি বিরল ঘটনা। তবে হোয়াইট হাউস সাংবাদিক সমিতি একই সঙ্গে তাঁর সফল সাংবাদিকতা জীবনের প্রশংসাও করেছে। হেলেন প্রথম নারী হিসেবে এ সংগঠনের সভাপতি হয়েছিলেন। তিনি হোয়াইট হাউসে সবচেয়ে দীর্ঘসময় কাজ করা সাংবাদিক। লেবানিজ বংশোদ্ভূত এ সাংবাদিক গত সোমবার নিজস্ব ওয়েবসাইটে বলেন, ‘ইসরায়েলিদের নিয়ে করা মন্তব্যের জন্য আমি দুঃখিত। এই মন্তব্যে আমার প্রকৃত বিশ্বাসের প্রতিফলন ঘটেনি। আমি বিশ্বাস করি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রয়োজন—সব পক্ষের এমন উপলব্ধি এলেই ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’১৯৭৪ সালে ইউপিআই হেলেনকে হোয়াইট হাউস ব্যুরোপ্রধান করে। এর মাধ্যমে তিনি প্রথম নারী সাংবাদিক হিসেবে কোনো বার্তা সংস্থার হোয়াইট হাউস ব্যুরোপ্রধান হন।ইরাক যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর প্রেস কর্মকর্তাদের প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন সাংবাদিক হেলেন। আফগানিস্তান যুদ্ধ নিয়েও প্রেসিডেন্ট বারাক ওবামাকে সম্প্রতি কঠোর প্রশ্ন করেন তিনি। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।