হঠাৎ ট্রাম্প উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মরক্কোর মারাক্কেশ শহরে গতকাল বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। এ শহরেই চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। নির্বাচিত হলে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করার কথা বলেছিলেন ট্রাম্প l ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মরক্কোর মারাক্কেশ শহরে গতকাল বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। এ শহরেই চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। নির্বাচিত হলে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করার কথা বলেছিলেন ট্রাম্প l ছবি: এএফপি

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমএ) গতকাল নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ২০১০ থেকে ২০১৫ সাল ছিল বিশ্বের উষ্ণতম সময়। মরক্কোর মারাক্কেশে সমবেত বিশ্বনেতাদের কাছে এই সংবাদ গুরুতর বটে। কেননা, এই শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা বর্তমান গড় উষ্ণতার চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার উপায় অনুসন্ধানে বসেছেন তাঁরা। প্যারিস চুক্তি বাস্তবায়নের পথ তৈির করবেন তাঁরা। 
তবে কার্বন নিঃসরণ নয়, গতকাল বুধবার তৃতীয় দিন সম্মেলনে উষ্ণতার উৎস ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের সংবাদ সম্মেলন কেন্দ্রের বিশেষজ্ঞদের শঙ্কিত করে তুলেছে। সম্মেলনকেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়নের সামনে সাংবাদিকদের ভিড়। সবাই জানতে চান, এখন যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে? ট্রাম্প তো জলবায়ু পরিবর্তনেই বিশ্বাস করেন না। তিনি তো ওবামার অনুমোদন করা প্যারিস চুক্তি বাতিল করে দেবেন বলে টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র প্যাভিলিয়নের কেউই মুখ খুলতে রাজি হননি। তবে তাঁদের সবার চোখেমুখে হতাশা আর দ্বিধা স্পষ্টই ছিল। হিলারি ক্লিনটন আর বারাক ওবামার প্যারিস চুক্তিতে সহমত হয়ে তাতে স্বাক্ষর করা বিশ্বকে আশাবাদী করেছিল। গতকাল পর্যন্ত বিশ্বের ১৯০টি দেশের মধ্যে ১০৪টি দেশ ইতিমধ্যে তাতে স্বাক্ষর করেছে। এই সম্মেলনে সবার আশা ছিল বিশ্বের ১৩ শতাংশ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমানো আর সবুজ জলবায়ু তহবিলে সবচেয়ে বড় অংশ দেবে।

.
.

কিন্তু ট্রাম্পের জয়ে এই আশাবাদ টাল খেয়ে গেছে। অ্যাকশনএইডের জলবায়ু পরিবর্তন বিভাগের বিশ্বপ্রধান (গ্লোবাল হেড) হরজিৎ সিং তো বলেই ফেললেন, এখন যুক্তরাষ্ট্রের জনগণের দায়িত্ব অনেক বেড়ে গেল। গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি দেশ হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। কোনো প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর বিষয় এটা নয়। ফলে নতুন প্রেসিডেন্ট যদি জলবায়ু পরিবর্তন নিয়ে ভিন্নমতও পোষণ করেন, তাহলেও তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে পূর্ববর্তীদের অবস্থানের ধারাবাহিকতা বজায় রাখবেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে গত চার বছরে ট্রাম্পের দেওয়া ১২টি টুইট বার্তার চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। ২০১২ সালের ৬ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং খাতকে নিষ্ক্রিয় করতে চীনারা জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে সামনে আনছে। ২০১৪ সালের ১৪ অক্টোবর ট্রাম্প বলেছিলেন, ‘বিশ্বে যখন ইবোলা ভাইরাস ও আইএস ছড়িয়ে পড়ছে, তখন ওবামা প্রশাসন জলবায়ু পরিবর্তন ঠেকাতে ব্যস্ত।’
জলবায়ু পরিবর্তন বিষয়ে ট্রাম্পের এই অবস্থান নিয়ে কী ভাবছেন, বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে কী হবে, জানতে চাইলে মারাক্কেশ জলবায়ু সম্মেলনে আসা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র অবশ্যই জলবায়ু পরিবর্তন নিয়ে তার আগের অবস্থানে অটল থাকবে।
এদিকে আটলান্টিক ও কৃষ্ণ সাগরতীরের দেশ মরক্কোর জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের ১৯০টি দেশের ২২ হাজার প্রতিনিধি আসতে শুরু করেছেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের বড় অংশ এখন মারাক্কেশে। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসা উপলক্ষে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম ও নিরাপত্তা বিভাগের একটি অগ্রবর্তী দল মারাক্কেশ পৌঁছেছে। ১৫ নভেম্বর উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
গতকাল সম্মেলনে পানি দিবস উপলক্ষে আলোচনায় মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লায়লা হোসেন বক্তৃতা করেন। তিনি বন্যা ও ঝড় মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরতে গিয়ে বলেন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশের প্রায় ২০ লাখ মানুষ মারা যায়। সর্বশেষ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে মাত্র ২৭ জন মারা গেছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে আদর্শ বা মডেল দেশ হিসেবে বর্ণনা করেন।