হঠাৎ মঞ্চ থেকে পড়ে গেলেন স্মৃতি ইরানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আমেথির একটি এলাকায় নির্বাচনী প্রচারকাজ চালানোর সময় মঞ্চ থেকে হঠাত্ পড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী স্মৃতি  ইরানি। তবে তিনি আহত হননি।

এনডিটিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আমেথির ওই এলাকায়  নির্বাচনী প্রচার চালানোর সময় মঞ্চে ফুলের মালা দিয়ে সমর্থকেরা স্মৃতি ইরানিকে স্বাগত জানান। স্মৃতি ইরানির গলায় অনেকগুলো ফুলের মালা ছিল। হাতেও ছিল বেশ কয়েকটি ফুলের মালা। চারপাশে ছিল সমর্থকদের ভিড়। সমর্থকেরা ‘জিন্দাবাদ’ ‘জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিলেন। এসবের মধ্যে মঞ্চ থেকে নামার সময় হঠাত্ নিচে পড়ে যান তিনি। এ সময় সমর্থকেরা তাড়াহুড়ো করে তাঁকে উঠতে সাহায্য করেন। তবে স্মৃতি ইরানি সামান্য আঘাত পেয়েছেন।

লোকসভা নির্বাচনে শাশুড়ি-বউয়ের টক-ঝাল-তেতো-মিষ্টি সম্পর্ককে টেলিভিশনের পর্দায় এনে যিনি বিখ্যাত, সেই শাস ভি কাভি বহু থি সিরিয়ালের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানি প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। বিজেপি আমেথিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিপক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

স্মৃতি ইরানি অভিনেত্রী হলেও কয়েক বছর ধরে রাজনীতিটা তিনি খুব নিষ্ঠার সঙ্গেই করছেন। ফলে বিজেপিও তাঁকে রাজ্যসভায় প্রার্থী করেছে। রাজ্যসভায় তিনি দলের প্রতিদিনের মুখ। তা ছাড়া গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দলের পক্ষে টিভি বিতর্কেও অংশ নেন। স্মৃতি নিজেই আমেথিতে কংগ্রেসের সহসভাপতিকে চ্যালেঞ্জ জানানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। দলে মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্মৃতিকে টিকিট দিতে বিজেপির তাই অসুবিধা হয়নি। তা ছাড়া রাজ্যসভার সদস্য বলে স্মৃতিকে রাহুলের বিপক্ষে দেওয়ায় ঝুঁকিও নেই।

আমেথিতে রাহুলকে অবশ্য প্রথম চ্যালেঞ্জ জানিয়েছিলেন আম আদমি পার্টির কবি কাম রাজনীতিক কুমার বিশ্বাস। নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগেই তিনি রাহুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। পরে দল তাঁর সেই ইচ্ছার মর্যাদা দেয়। সেই থেকে কুমার আমেথিতে এমনই ঘাঁটি গেড়েছেন, দিল্লি আসাই ছেড়ে দিয়েছেন। এবার স্মৃতি ইরানিও রাহুলকে চ্যালেঞ্জ জানানোয় আমেথির লড়াইটা জমে গেছে। কংগ্রেসের এক নম্বর পরিবারের বিরুদ্ধে সমাজবাদী পার্টি কোনো এক অজ্ঞাত কারণে প্রার্থী দেয় না। বহুজন সমাজ পার্টিও দিতে হয় বলেই প্রার্থী দেয়। আম আদমি পার্টি ও বিজেপির সেই দায় নেই। ফলে ত্রিমুখী লড়াইয়ে কে জেতে, কে হারে, সেই আগ্রহ দানা বাঁধতে শুরু করেছে। ২০০৪ ও ২০০৯ সালে জেতা রাহুলের কাছে এবারের লড়াইটা সেই অর্থে বেশ কঠিন।