মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে মিসরের শনিবারের রক্তক্ষয়ী ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মিসরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ চালানোর অভিযোগ করেছে। মিসরের সর্বোচ্চ সুন্নি ইসলামি কর্তৃপক্ষ আল-আজহার এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এল বারাদিও এর সমালোচনা করেছেন।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ গতকাল রোববার এক বিবৃতিতে বলেছে, শনিবার কায়রোতে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের অনেকেই মাথায় ও বুকে গুলিবিদ্ধ হন। তাদের গবেষকেরা চিকিৎসা বিভাগের যেসব কর্মীর সাক্ষাৎকার নিয়েছেন, তাঁরা জানিয়েছেন বেশ কিছু নিহত ব্যক্তির ক্ষতস্থান দেখে মনে হয়েছে, হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে।মিসরের সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের গত শুক্রবারের পাল্টাপাল্টি বিক্ষোভের পরদিন ওই হতাহতের ঘটনা ঘটে। সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি সেনাবাহিনীর সমর্থনে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানানোর পর উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভে নামে। মুরসির সংগঠন ব্রাদারহুডের ভাষ্যমতে, হত্যা করার জন্যই পুলিশ তাঁদের সমর্থকদের ওপরে গুলিবর্ষণ করে।এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপপরিচালক নাদিম হুরি বিবৃতিতে বলেন, নিহতের ঘটনাগুলো ইঙ্গিত দেয়, মুরসির সমর্থকদের দমাতে পুলিশ এবং নির্দিষ্ট কিছু রাজনীতিকের ওই ঘটনা ঘটানোর বিষয়ে সম্মতি ছিল, যা খুব বেদনাদায়ক। তিনি বলেন, ‘এটা কল্পনা করা একেবারে অসম্ভব যে, হত্যা করার উদ্দেশ্য ছাড়াই এতগুলো মানুষকে হত্যার ঘটনা ঘটেছে।’মানবাধিকার সংগঠনটি ‘একান্তই জীবন রক্ষার ক্ষেত্র ছাড়া’ তাজা গুলির ব্যবহার অবিলম্বে বন্ধ করতে মিসরের সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে শনিবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের অন্তর্বর্তী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এল বারাদিও। তিনি গতকাল এক টুইটার বার্তায় বলেন, ‘আমি অতিরিক্ত বল প্রয়োগ ও হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। চলমান পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আমি সব দিক দিয়ে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ মিসরের সর্বোচ্চ সুন্নি ইসলাম ধর্মীয় কর্তৃপক্ষ আল-আজহারের শেখের পক্ষ থেকেও ওই হতাহতের ঘটনার নিন্দা জানানো হয়েছে। কায়রোভিত্তিক আল-আজহারের প্রধান আহমেদ আল-তাইয়েব এক বিবৃতিতে বলেন, আল-আজহারের শেখ আজকের (শনিবারের) ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি শোক এবং ঘটনার নিন্দা জানাচ্ছেন। হত্যার ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, অবিলম্বে তদন্ত করে তাদের শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে বিবৃতিতে। এএফপি ও আল-জাজিরা।