হত্যা ও দুর্নীতির মামলায় ফের আদালতে মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সরকারবিরোধী বিক্ষোভের সময় হত্যা ও দুর্নীতির অভিযোগে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে গতকাল সোমবার আবার কায়রোর আদালতে হাজির করা হয়েছে। অসুস্থতার কারণে একটি স্ট্রেচারে করে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় দুই ছেলে তাঁর সঙ্গে ছিলেন। পরে মোবারকের বিচার কার্যক্রম ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।প্রথমে হেলিকপ্টার ও পরে একটি অ্যাম্বুলেন্সে করে কায়রোর উপকণ্ঠে পুলিশ একাডেমিতে স্থাপিত আদালতে মোবারককে হাজির করা হয়। এ সময় তাঁর বিচারের দৃশ্য বড় পর্দায় দেখানো হয়। এ ছাড়া মোবারকের সমর্থক ও বিরোধীদের বিক্ষোভের আশঙ্কায় আদালতের বাইরে কয়েক হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, মোবারকের সমর্থক এবং বিরোধীদের মধ্যে হাতাহাতি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। ৩ আগস্ট মোবারকের বিচারের শুনানি হয়। এদিন তিনি পূর্বপরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ অস্বীকার করেন। মিসরের সাবেক স্বরাস্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি ও সাবেক ছয় পুলিশ কমান্ডারের বিরুদ্ধেও সরকারবিরোধী বিক্ষোভের সময় হত্যার অভিযোগ আনা হয়। একই আদালতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ছয় কর্মকর্তার পৃথক বিচারের শুনানি হয়েছে। এএফপি।