হত্যা মামলার আসামি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করেছেন। তিনি রাজস্থানের বাসিন্দা সোহরাব উদ্দিন শেখ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ২০০৫ সালের ২৬ নভেম্বর পুলিশের কথিত এনকাউন্টারে নিহত হন সোহরাব। ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) অনেক দিন ধরেই মন্ত্রী অমিত শাহকে খুঁজছে।গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অমিত শাহ আমার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি।’ তিনি আরও বলেন, ‘অমিত শাহ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, তিনি ন্যায়বিচার পাবেন।’ এর আগে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অমিত শাহর পদত্যাগের দাবি নাকচ করে দেয়।সোহরাব শেখকে হত্যার ঘটনায় গত শুক্রবার অমিত শাহসহ ১৮ জনের নামে অভিযোগপত্র দেয় সিবিআই। তাঁদের মধ্যে অমিত শাহ, অজয় প্যাটেল যশপাল চুদাসামা ছাড়া অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। অজয় ও যশপাল মন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্য ১৫ আসামি পুলিশের সদস্য। আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।সোহরাব শেখ পুলিশের সঙ্গে কথিত এনকাউন্টারে নিহত হওয়ার পর থেকে তাঁর স্ত্রী কাওসার বাই নিখোঁজ রয়েছেন। পুলিশের ভাষ্যমতে, সোহরাব পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। তবে সোহরাবের পরিবারের দাবি, সোহরাব ও কাওসার বাইকে অপহরণের পর ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।