যুক্তরাজ্যের লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘করপোরেট হত্যা’ মামলা করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লন্ডন পুলিশ ওই টাওয়ারের বাসিন্দাদের একটি চিঠি পাঠানোর পর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানাজানি হয়। লন্ডন পুলিশও একই দিন একটি বিবৃতি দিয়েছে।
লন্ডনের নর্থ কেনসিংটন এলাকায় ওই বহুতল ভবনে গত ১৩ জুন রাতের আগুনে অন্তত ৮০ জন নিহত হয়।
পুলিশের চিঠিতে বলা হয়, পুলিশ বিপুল পরিমাণ উপাদান সংগ্রহ করেছে এবং অনেক প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নিয়েছে। প্রাথমিক মূল্যায়নের পর তদন্তকারী কর্মকর্তারা রয়্যাল বরো অব কেনসিংটন অ্যান্ড চেলসি এবং দ্য কেনসিংটন অ্যান্ড চেলসি টেন্যানসি ম্যানেজমেন্ট অর্গানাইজেশনকে জানিয়েছেন, ‘করপোরেট ম্যানস্লটার অ্যান্ড করপোরেট হোমিসাইড অ্যাক্ট-২০০৭’-এর আওতায় প্রতিষ্ঠান দুটি কর্তৃক করপোরেট নরহত্যার ঘটনা ঘটেছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।