হত্যা মামলায় পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের সাবেক বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও বর্তমান বিধায়ক সুশান্ত ঘোষকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা মামলায় মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সালের ২২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সমর্থক অজয় আচার্যসহ পাঁচ ব্যক্তি নিখোঁজ হন। গত ৪ জুন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় সাবেক মন্ত্রী ও সিপিএমের নেতা সুশান্ত ঘোষের বাড়ির কাছে মাটি খুঁড়ে পাঁচটি কঙ্কাল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে তা অজয় আচার্যের বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। সিআইডির তথ্যমতে, ডিএনএ পরীক্ষায়ও কঙ্কালটি অজয় আচার্যের বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় সুশান্ত ঘোষকে প্রধান আসামি করে মামলা করেন অজয় আচার্যের ছেলে শ্যামল আচার্য।মামলার পর সুশান্ত ঘোষ প্রথমে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিনের আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর সুশান্ত ঘোষকে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তর ভবানী ভবনে নেওয়া হয়। গতকাল শুক্রবার তাঁকে জেরা শুরু করেছে সিআইডি। সুশান্ত ঘোষ বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিএমের নেতা ও সাবেক মন্ত্রী। গত নির্বাচনসহ আটবার বিধায়ক পদে তিনি বিজয়ী হন। আদালত জামিন নাকচ করলে সুশান্ত ঘোষ তাঁর প্রতিক্রিয়ায় জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।