হত্যাকাণ্ডের অভিযোগ গঠিত হচ্ছে মার্কিন সেনার বিরুদ্ধে
আফগানিস্তানে গুলি চালিয়ে নির্বিচারে ১৭ জন বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক মার্কিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হচ্ছে। গতকাল শুক্রবার দিনের শেষে এ অভিযোগ গঠন করার কথা। মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।১১ মার্চ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ জন্য দায়ী ওই মার্কিন সেনার নাম সার্জেন্ট রবার্ট বেলস (৩৮)। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর বেলসকে প্রথমে আফগানিস্তান থেকে সরিয়ে কুয়েতে নেওয়া হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। তাঁকে ক্যানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সামরিক কারাগারে আটক রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেন, সার্জেন্ট বেলসের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ওই অভিযোগ ছাড়াও পৃথক ছয়টি হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে। বার্তা সংস্থা এপি জানায়, গতকালই কারাগারে বেলসকে অভিযোগগুলো পড়ে শোনানোর কথা। এদিকে গতকাল তালেবান বলেছে, বেলসের বিচার-প্রক্রিয়ায় তাদের কোনো আস্থা নেই। গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, ‘ওই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা নিশ্চিতভাবেই এ ঘটনায় আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। তা ছাড়া, এ ধরনের বিচারে আমাদের আস্থা নেই।’ফোর্ট লিভেনওয়ার্থের নির্জন কারাবাসে থাকা সন্দেহভাজন ওই সেনার কৌঁসুলি জন হেনরি ব্রাউন এর আগে গত সপ্তাহের শুরুতে বলেন, ‘হত্যাকাণ্ডটি যে সময় সংঘটিত হয়েছে সে সময় বেলস মাতাল অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ডের আগের ও পরের ঘটনাবলি সম্পর্কে তিনি কিছুটা স্মরণ করতে পারছেন। কিন্তু ঠিক হত্যাকাণ্ডের সময়ে কোনো কিছু তাঁর স্মরণে নেই, কিংবা কিছু থাকলেও তা অতি সামান্য।’ তিনি আরও বলেন, ‘তাঁকে অভিযুক্ত করার মতো কোনো ফরেনসিক প্রমাণও নেই।’ব্রাউন জানান, ইরাকে দায়িত্ব পালনকালে বেলস শারীরিক ও মনস্তাত্ত্বিকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হন। এ অবস্থার মধ্যেই নতুন করে আফগানিস্তানে পাঠানোয় তিনি অসন্তুষ্ট ছিলেন। বেলসকে একজন সুশৃঙ্খল সেনা হিসেবে উল্লেখ করে ব্রাউন আরও জানান, ওই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত তাঁর দৃষ্টান্ত স্থাপনকারী সাফল্য ছিল। হত্যাকাণ্ডের আগের দিন ভূমিমাইনের আঘাতে এক বন্ধুর পা উড়ে যাওয়ার দৃশ্য তাঁকে প্রত্যক্ষ করতে হয়। আফগানিস্তানে বিচারের দাবি: হত্যাকাণ্ডের শিকার গ্রামবাসীদের আত্মীয়স্বজন মার্কিন সেনা বেলসের বিচার আফগানিস্তানের অভ্যন্তরে করার দাবি জানিয়েছেন। ওই ঘটনায় পরিবারের ১১ জন সদস্য হারানো প্রবীণ হাজি সামাদ বলেন, ‘আমরা চাই, দোষী আমেরিকান সেনার বিচার আফগানিস্তানেই হোক। কেননা, তিনি আফগানিস্তানেই হত্যাকাণ্ড চালিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘তাঁকে কেন যুক্তরাষ্ট্রে বিচারের চেষ্টা করা হচ্ছে? তাঁকে যদি আফগানিস্তানে বিচার করা হয়, তবে আমরা কিছুটা হলেও স্বস্তি পাব। কিন্তু যুক্তরাষ্ট্রে বিচার করা হলে তাতে আমরা ক্ষুব্ধ হব এবং এটি আমাদের জন্য কষ্টের কারণ হয়ে থাকবে।’ দাদা, দাদি, ভাই ও বোন হারানো অপর ব্যক্তি নুর মোহাম্মদ বলেন, ‘আমিও চাই, ওই সেনার বিচার যুক্তরাষ্ট্রে নয়, বরং আফগানিস্তানেই করা হোক।’ বিবিসি ও এএফপি।