পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শনিবারের বোমা হামলায় নিহত হয় শিয়া মুসলিম সম্প্রদায়ের নারী, শিশুসহ কমপক্ষে ৮৪ জন। আহত হয় দুই শতাধিক লোক। দেশটিতে প্রায়ই এভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে শিয়া মুসলিমরা। তবে, তারা এখন এই অবস্থার অবসান চায়।কোয়েটার হাজারা এলাকায় ওই বোমা হামলার পর শিয়া সম্প্রদায়ের লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বোমা হামলার এক দিন পর গত রোববার সন্ধ্যা থেকে কোয়েটায় অবস্থান ধর্মঘট শুরু করেছেন চার হাজারের বেশি নারী। তাঁরা একটি রাস্তা অবরোধ করে রাখেন এবং ঘোষণা দিয়েছেন, হামলায় জড়িত চরমপন্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত লাশগুলো দাফন করবেন না।কোয়েটার পুলিশপ্রধান ওয়াজির খান নাসির জানান, গতকাল সোমবারও ওই অবস্থান ধর্মঘট অব্যাহত ছিল। তিনি বলেন, ‘লাশগুলো দাফন করার বিষয়ে আমরা শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি।’ তবে স্থানীয় একটি শিয়া দলের নেতা কাইয়ুম চাঙ্গেজি বলেন, বোমা হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযান শুরু না হওয়া পর্যন্ত লাশ দাফন করা হবে না।কোয়েটার মতো পাকিস্তানের বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে। করাচির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিয়াপন্থী একটি দল ধর্মঘটের ডাক দেওয়ার পর সেখানকার গণপরিবহনের চালক ও ব্যবসায়ীরা কাজ করা বন্ধ রেখেছেন। স্কুলগুলো বন্ধ ছিল। অফিসগুলোতে লোকজনের উপস্থিতি ছিল কম। সব মিলিয়ে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম এই শহর গতকাল অচল হয়ে পড়ে।স্থানীয় একটি শিয়া দলের নেতা হাসান জাফর নাকভি বলেন, ‘শিয়া সম্প্রদায়কে রক্ষায় আমরা আমাদের শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাব।’বেলুচিস্তান ক্রমবর্ধমানভাবেই পাকিস্তানের সংখ্যাগুরু সুন্নি ও সংখ্যালঘু শিয়া মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। শিয়ারা দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। শনিবারের ঘটনা নিয়ে চলতি বছরে সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ২০০ জনের প্রাণহানি ঘটল। এর আগে গত জানুয়ারি মাসে কোয়েটা শহরেই আরেকটি বোমা হামলার ঘটনায় মারা যায় ৯২ জন শিয়া মুসলিম। আগের বছরে এ ধরনের সংঘাতে চার শতাধিক ব্যক্তির মৃত্যু হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে, এক বছরে শিয়া সম্প্রদায়ের প্রাণহানির দিক দিয়ে সেটি ছিল একটা রেকর্ড।শিয়া কনফারেন্সের চেয়ারম্যান দাউদ আগা বলেন, জানুয়ারির বোমা হামলার ঘটনায় আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ কারণে শিয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে। যদিও মুসলমান কেউ মৃত্যুবরণ করলে দ্রুত লাশ দাফন করা হয়, ওই হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ দাফনে অস্বীকৃতি জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। ফলে দেশটির কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের প্রাদেশিক সরকারকে বরখাস্ত করতে বাধ্য হয়। সর্বশেষ হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফনেও তাঁরা অস্বীকৃতি জানানোয় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।এ ছাড়া পাকিস্তানে কয়েক মাস পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় চলছে। এভাবে সাম্প্রদায়িক সংঘাত চলতে থাকলে ওই নির্বাচত স্থগিত করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এএফপি।