হত্যায় প্ররোচনার অভিযোগে বিচারের মুখে মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসি
মোহাম্মদ মুরসি

বিক্ষোভকারীদের হত্যা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে এবার বিচারের মুখে দাঁড় করানো হচ্ছে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। দেশটির সরকারি কৌঁসুলির বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে আজ সোমবার এ কথা জানানো হয়। তবে বিচার শুরু হওয়ার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
গত ডিসেম্বরে মিসরের রাজধানী কায়রোতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ চলার সময় সাত ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মুরসির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একই অভিযোগে মুরসির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের আরও ১৪ সদস্যকে আদালতে দাঁড় করানো হবে।
গত জুলাইয়ে মিসরের প্রেসিডেন্ট পদ থেকে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে তাঁকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তবে এ মামলায় এই প্রথম বিচারের মুখোমুখি হচ্ছেন মুরসি।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর পুনর্বহালের দাবিতে মুরসির সমর্থকেরা বিক্ষোভ শুরু করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে গত মাসে শত শত বিক্ষোভকারী নিহত হয়।