হত্যার আগে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন সেনারা তাঁকে বন্দী করে নিজেদের হেফাজতে নিয়েছিল। বন্দী অবস্থায় বিন লাদেনের ওপর নির্যাতন চালানো হয়েছিল। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হত্যা করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত রোববার সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন।ইসরায়েলি সেনাদের গুলিতে ১২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে ক্যানসার কোষের সঙ্গে তুলনা করেন আহমাদিনেজাদ। তিনি বলেন, সারা শরীরে ছড়িয়ে পড়ার আগে এই কোষকে অবশ্যই অপসারণ করতে হবে।যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক আহমাদিনেজাদ বলেছেন, ‘মার্কিন সেনারা বিন লাদেনকে কিছু সময়ের জন্য বন্দী করেছিল। এ বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। হত্যার আগ মুহূর্ত পর্যন্ত বিন লাদেন মার্কিন সেনাদের হাতে বন্দী ছিলেন।’আহমাদিনেজাদ বলেন, ‘মনোযোগ দিয়ে শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি (বিন লাদেন) কিছু সময়ের জন্য সেনাদের হাতে বন্দী ছিলেন। সেনারা তাঁর ওপর নির্যাতন চালিয়েছিল। বিন লাদেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হত্যা করা হয়।’ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, ‘রাজনৈতিক সাফল্য’ লাভের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বিন লাদেন হত্যার ঘোষণা দেন। নিজ দেশে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এ কাজ করেছিলেন ওবামা। তিনি বলেন, অন্য কথায় বলা যায়, ওবামার নির্বাচনের জন্যই বিন লাদেনকে তাঁরা হত্যা করে।এদিকে ইসরায়েল রাষ্ট্রের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার লেবাননের সীমান্তবর্তী মারুন আল রাসে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। সেখানে ইসরায়েলি সেনাদের মহড়া চলার সময় সেনাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে সেনাদের গুলিতে ১২ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১১২ জন আহত হয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপর আরব-ইসরায়েল যুদ্ধের কারণে কয়েক লাখ ফিলিস্তিনিকে জোর করে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়। এ জন্য প্রতিবছর ১৫ মে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। এ বছর পশ্চিম তীর ও গাজা উপত্যকা ছাড়াও তারা সিরিয়া, লেবানন, জর্ডান ও মিসরেও বিক্ষোভ করে।ফিলিস্তিনিদের গুলি করে হত্যার এ ঘটনার প্রতিক্রিয়ায় টেলিভিশন সাক্ষাৎকারে আহমাদিনেজাদ বলেন, এ রাষ্ট্রের (ইসরায়েল) প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সময় বিভিন্ন এলাকায় জনগণ বিক্ষোভ করে, কিন্তু সেনাদের গুলিতে হতাহতের এ ঘটনাই রাষ্ট্রটির প্রকৃত চরিত্র প্রকাশ করে দিয়েছে।আহমাদিনেজাদ বলেন, কোনো ক্যানসার কোষ সারা শরীরে ছড়িয়ে পড়ার মতো এই রাষ্ট্রও অন্য অঞ্চলকে সংক্রমিত করতে পারে। এ ধরনের ক্যানসার কোষ অবশ্যই অপসারণ করতে হবে।এর আগে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন আহমাদিনেজাদ। তাঁর ওই মন্তব্যে তখন সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে।তেহরান প্রস্তুত: ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার ব্যাপারে আবারও জোর দিয়েছেন আহমাদিনেজাদ। একই দিন রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। আমরা আশা করি, ভবিষ্যতে এ নিয়ে বৈঠকগুলোয় সুফল মিলবে।’ তিনি আরও বলেন, এ ক্ষেত্রে সমাধান হলো, পারস্পরিক সহযোগিতা দেওয়া।পশ্চিমা বিশ্বের অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র বানানোর উদ্দেশ্যে বিতর্কিত পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে। এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলে আসছে, দেশের জ্বালানি-চাহিদা মেটানোর লক্ষ্যে তাদের এ কর্মসূচি। এএফপি।