হত্যার শিকার হওয়ার আশঙ্কা নাশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাশিদ
মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের বিরোধী রাজনৈতিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দাবি করেছেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। তাঁর এ দাবির পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
পুলিশের মুখপাত্র আবদুল্লাহ নওয়াজ বলেন, ‘অভিযোগটি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। আমরা এ অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করেছি।’
নওয়াজ বলেন, নাশিদকে সম্প্রতি জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে থাকা প্রার্থী নাশিদের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তাদের কাছে খবর আছে যে মোহাম্মদ নাশিদকে হত্যার পরিকল্পনায় জড়িত আল-কায়েদার দুই কর্মী ইতিমধ্যে রাজধানী মালেতে এসে পৌঁছেছেন।
সাবেক প্রেসিডেন্ট নাশিদ ২০ মাস আগে ক্ষমতাচ্যুত হন। এএফপি।