মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বিচারের মুখোমুখি করতে গতকাল শনিবার আদালতে হাজির করা হয়েছে। এই বিচার-প্রক্রিয়ার প্রতিবাদে ইসলামপন্থীদের একটি জোট গতকাল দেশজুড়ে বিক্ষোভ করে।
মুরসির সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে বিচার চলছে ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টের। গত বছরের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।
কায়রোতে নিরাপত্তাবেষ্টিত পুলিশ একাডেমিতে বিশেষ আদালতের কাঠগড়ায় মুরসিকে তোলা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগের শুনানি চলে।
গতকাল মুরসিকে সুনির্দিষ্ট যে অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়, তা হলো ২০১২ সালের ডিসেম্বরে কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভকারীদের হত্যা করতে উসকানি দেওয়া। এই মামলায় মুরসি ছাড়াও ১৪ জনকে আসামি করা হয়েছে। তাঁরা প্রায় সবাই মুসলিম ব্রাদারহুডের শীর্ষ পর্যায়ের নেতা। মুরসির বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে।
এদিকে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি। আল-মাসরি আল-ইউম পত্রিকা গতকাল এ কথা জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসির মন্ত্রণালয়েও পরিবর্তন আসছে বলে পত্রিকাটির খবরে জানানো হয়। এর ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সেনাপ্রধান সিসি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই ধারণা আরও স্পষ্ট হলো। এএফপি ও রয়টার্স।