হন্ডুরাসে কারাগারে আগুন ৩০০ বন্দীর মৃত্যু
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি কারাগারে আগুন লেগে অন্তত ৩০০ বন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গত মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপা থেকে ১০০ কিলোমিটার উত্তরে কোমায়াগুয়া কারাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারাগারে ৮০০ জনের বেশি বন্দী ছিলেন।অগ্নিকাণ্ডের সময় কারাগার থেকে বেরিয়ে আসা বন্দীদের স্বজনেরা তাঁদের বরাত দিয়ে জানান, অগ্নিকাণ্ড শুরু হলে বন্দীরা ছোটাছুটি করতে থাকেন। কেউ কেউ কারাগারের ছাদ ভেঙে ওপর থেকে লাফিয়ে বেরিয়ে আসেন।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অনেক বন্দী আগুনে এতটাই পুড়ে গেছেন যে তাঁদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।স্থানীয় ফরেনসিক সার্ভিসের প্রধান লুসি মারডার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বন্দীদের অনেকেই নিজের কক্ষ থেকে বের হতে না পেরে মারা যান।হন্ডুরাসের কারাপ্রধান দানিয়েল ওরেলনা বলেন, ‘কোমায়াগুয়া কারাগারের পরিস্থিতি একেবারে শোচনীয়। আগুনের কারণে সৃষ্টি হওয়া ধোঁয়ায় শ্বাসরোধে বেশির ভাগ বন্দীর মৃত্যু হয়।’স্থানীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র হোসু গার্সিয়া বলেন, কারাগারের ভেতরের অবস্থা এককথায় ‘নারকীয়’।কোমায়াগুয়া কারাগারের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় সাজাপ্রাপ্ত অনেক বন্দী পালিয়ে গেছেন। আহত অনেক বন্দীকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় অনেককে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে, আগুন লাগার খবরে ওই কারাগারে থাকা বন্দীদের স্বজনেরা প্রিয়জনের খোঁজে কারাগারের সামনে ভিড় করতে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাঁদের সামাল দিতে হিমশিম খান।কারাগারের সামনে গেলদা মেজিয়া নামের এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই ৬ নম্বর ইউনিটে বন্দী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ইউনিটের সব বন্দীই মারা গেছেন।’হন্ডুরাসের নিরাপত্তা সচিবালয়ের হেক্টর ইভান মেজিয়া সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে গণমাধ্যমে বলা হচ্ছে, কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গা শুরু হয়। সেই দাঙ্গার একপর্যায়ে কারাগারে আগুন লাগে।এর আগে ২০০৪ সালের মে মাসে হন্ডুরাসের সান পেদ্রো সুলার একটি কারাগারে আগুন লেগে অন্তত ১০০ বন্দীর মৃত্যু হয়। বিবিসি, এএফপি।