হরমুজ প্রণালীতে ইরানের ১০ দিনের নৌ-মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গতকাল শনিবার থেকে হরমুজ প্রণালীতে ১০ দিনের নৌ-মহড়া শুরু করেছে। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ‘ভেলায়েত-ই ৯০’ নামের এই মহড়া শুরু হলো। ভেলায়েত শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ কতৃত্ব।বিশ্লেষক ও কূটনৈতিকদের ধারণা, তেহরান পরমাণু বোমা তৈরি করছে, এমন সন্দেহের ভিত্তিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কায় ওই প্রণালী বন্ধের চেষ্টার অংশ হিসেবে এই নৌ-মহড়া করা হচ্ছে। ইরানের চিরশত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও তেহরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা ও অবরোধ আরোপের পদক্ষেপ ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তবে ইরান বলছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পরমাণু কর্মসূচি চালাচ্ছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার হাবিবুল্লাহ সায়েরি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের কৌশলগত পথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা নিশ্চিতভাবেই ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। তবে এ ধরনের সিদ্ধান্ত তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে আসার কথা। নৌ-মহড়ার সময় হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে, ইরান কর্তৃপক্ষ এমন কোনো ইঙ্গিত দেয়নি। আগের মহড়ার সময়ও এই প্রণালী বন্ধ রাখা হয়নি। সায়েরি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের পাশাপাশি এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে হরমুজ প্রণালীতে শান্তি ও বন্ধুত্বের বার্তা প্রচার করা। তিনি বলেন, মহড়ায় এই অঞ্চলকে নিয়ন্ত্রণে তেহরানের শক্তি প্রদর্শন করা হবে এবং নতুন ক্ষেপণাস্ত্র, টর্পেডো ও অস্ত্র পরীক্ষা করা হবে। এএফপি।