হলব্রুকের স্থলাভিষিক্ত হচ্ছেন মার্ক গ্রসম্যান
অবসরপ্রাপ্ত কূটনীতিক মার্ক গ্রসম্যানকে পাকিস্তান ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত নিয়োগ করা হবে। তিনি প্রয়াত দূত রিচার্ড হলব্রুকের স্থলাভিষিক্ত হবেন। গত সোমবার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়। শিগগিরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে।উল্লেখ্য, রিচার্ড হলব্রুক গত বছরের ১৩ ডিসেম্বর মারা যান।আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক কৌশলের এক জটিল সময়ে গ্রসম্যান সেখানে দূত হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। এ গ্রীষ্মেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা।প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার নিউইয়র্কে এশিয়া সোসাইটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রসম্যানের নিয়োগের ব্যাপারে ঘোষণা দিতে পারেন। এমনকি শুক্রবারের আগেও এ ঘোষণা দেওয়া হতে পারে। পদটির কাজের ধরন নিয়ে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের মধ্যে কয়েক মাস ধরে মতভেদ চলতে থাকায় এই ঘোষণার ক্ষেত্রে বিলম্ব ঘটে।কূটনীতিক হিসেবে খ্যাতি রয়েছে গ্রসম্যানের। পররাষ্ট্র দপ্তরে প্রায় তিন দশক ধরে কাজ করেন তিনি। গ্রসম্যান ইউরোপবিষয়ক সহকারী মন্ত্রী ছিলেন এবং তুরস্কে দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তিনি অবসর নেন।বর্তমানে পরামর্শক প্রতিষ্ঠান কোহেন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রসম্যান। দক্ষিণ এশিয়ায় বেশ কিছু মক্কেল রয়েছে এই প্রতিষ্ঠানের। কর্মকর্তারা বলেন, এই পদ গ্রসম্যানের নতুন নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। রয়টার্স, বিবিসি।