হলো না ওবামা-রুহানির ঐতিহাসিক করদর্মন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

একটি ঐতিহাসিক করমর্দনের অপেক্ষায় হঠাত্ই উত্তেজনা দেখা দিয়েছিল জাতিসংঘ সদর দপ্তরে। গতকাল মঙ্গলবার দিনটি কূটনৈতিক অগ্রযাত্রায় মাইলফলক হয়ে উঠছে—এমন প্রত্যাশা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে সরাসরি সাক্ষাতই হয়নি। যেন সচেতনভাবে এড়িয়ে গেলেন পরস্পরকে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রনেতারা এখন নিউইয়র্কে। গতকাল একই দিনে প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট  রুহানি উপস্থিত ছিলেন নিউইয়র্কে। সাধারণ পরিষদে তাঁদের ভাষণও পড়েছিল একই দিনে। ভাষণ দিতে যাওয়া বা আসার পথে, নিদেনপক্ষে জাতিসংঘ মহাসচিবের দেওয়া মধ্যাহ্নভোজে তাঁদের দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তখন তাঁরা করমর্দন করবেন—এমন গুঞ্জন শুরু হয়েছিল আগের দিন থেকেই। সারা বিশ্বের সংবাদমাধ্যম সংবাদটি পরিবেশনের জন্য ভিড় করেছিল জাতিসংঘ সদরদপ্তর এলাকায়।
‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক বৈঠকের ব্যাপারে ওবামা প্রশাসনেরই প্রকৃত কোনো ইচ্ছা ছিল না। ইরানের প্রতিনিধিদলও এ ধরনের বৈঠক রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করে বিষয়টি সচেতনভাবে এড়িয়ে গেছে। গতকাল সকাল থেকেই মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্ট হোসেন রুহানির সাক্ষাত্কার প্রচারিত হতে থাকে। এসব সাক্ষাত্কারে প্রেসিডেন্ট রুহানির বক্তব্য ছিল নমনীয়। প্রেসিডেন্ট ওবামা গতকাল সকালের অধিবেশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কখনো ইরানকে পারমাণবিক অস্ত্রের দেশ হতে দেবে না। এ সময় অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট অনুপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজেও রুহানি উপস্থিত না হলে হতাশা দেখা দেয়। করমর্দনের কূটনৈতিক উত্তাপটি হারিয়ে যায়।

মধ্যাহ্নভোজের পর ইরানের প্রেসিডেন্ট রুহানি যখন সাধারণ পরিষদে আসেন, তার আগেই অধিবেশনস্থল ত্যাগ করেন প্রেসিডেন্ট ওবামা। রুহানির বক্তব্যে তেমন কোনো আক্রমণ ছিল না। তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট আহমাদিনেজাদের চেয়ে তাঁর বক্তব্য ছিল নমনীয় ও সহযোগিতামূলক। তিনি তাঁর বক্তব্যে ফিলিস্তিনের জনগণের দুর্দশার কথা উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরোক্ষ সমালোচনা করেন তিনি।