হাঁসের ছানা বাঁচাতে গিয়ে...
এক দল হাঁসের ছানা রাস্তা পার হচ্ছিল। তা দেখে চলন্ত গাড়ি আচমকা থামিয়ে দিলেন নারী চালক। হাঁসের ছানা তো বাঁচল, কিন্তু পেছন থেকে ঝরে গেল দুটি প্রাণ। একটি মোটরসাইকেল এসে গাড়ির পেছনে সজোরে ধাক্কা খাওয়ায় আরোহী বাবা ও মেয়ের মৃত্যু হয়। এতে অবশ্য গুরদণ্ড পেতে হয়নি নারী চালককে। মাত্র ৯০ দিন কারাভোগ করতে হয়েছে।
কানাডার কুইবেকে এ ঘটনা ঘটে বলে গতকাল শুক্রবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
২০১০ সালে ঘটা এই দুর্ঘটনায় নারী চালক এমা চেরনোবাজকে গত জুনে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অবহেলাজনিত অবরাধ ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণ হওয়ায় তাঁকে ৯০ দিনের কারাদণ্ড দেন আদালত।
প্রতিবেদনে জানানো হয়, হঠাৎ করেই গাড়িটি থামানো তাঁর ঠিক হয়নি বলে আদালতে স্বীকার করেছেন চেরনোবাজ। আদালতের রায় অনুসারে সাপ্তাহিক ছুটির দিন তাঁকে কারাভোগ করতে হবে। তাঁকে ২৪০ ঘণ্টা সমাজসেবার কাজে অংশ নিতে হবে। আগামী ১০ বছর তাঁর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।