যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ঠেকাতে মিসরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও মুসলিম ধর্মীয় নেতা আবু হামজা আল-মাসরিসহ পাঁচজন সন্দেহভাজন জঙ্গির ভাগ্য নির্ভর করছে হাইকোর্টের রুলের ওপর। এটিই তাঁদের জন্য শেষ সুযোগ।আবু হামজা, বাবর আহমদ, সৈয়দ তালহা আহসান, আবদেল আবদুল বারি ও খালেদ আল-ফাওয়াজকে যুক্তরাষ্ট্রে না পাঠানোর দাবির পক্ষে জোরালো তথ্য-প্রমাণ আদালতকে দেখাতে হবে। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তাঁরা ন্যায়বিচার পাবেন না। এ জন্য তাঁরা সে দেশে না পাঠানোর জন্য ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) কাছে আবেদন করেন। কিন্তু ইসিএইচআর গত সপ্তাহে ওই আবেদন খারিজ করে দেন।এরপর যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানায়, যত শিগগির সম্ভব ওই পাঁচজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যেই সাময়িকভাবে তাঁদের প্রত্যর্পণ বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিবিসি।