হাইতিজুড়ে ধ্বংসের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিকেন ম্যাথিউয়ের আঘাতে লন্ডভন্ড পশ্চিম হাইতির উপকূলীয় জেরেমি এলাকা। সরকারি ভাষ্যমতে, সামুদ্রিক এই ঘূর্ণিঝড়ে দেশটির কোথাও কোথাও ৯০ শতাংশ ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে l এএফপি
হারিকেন ম্যাথিউয়ের আঘাতে লন্ডভন্ড পশ্চিম হাইতির উপকূলীয় জেরেমি এলাকা। সরকারি ভাষ্যমতে, সামুদ্রিক এই ঘূর্ণিঝড়ে দেশটির কোথাও কোথাও ৯০ শতাংশ ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে l এএফপি

হারিকেন ম্যাথিউর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। প্রবল শক্তিশালী এই সামুদ্রিক ঘূর্ণিঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলের ৯০ শতাংশ ঘরবাড়ি ভেঙেচুরে গেছে। কোনো কোনো এলাকা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাণের জন্য হাহাকার করছে দুর্গত লোকজন। জাতিসংঘ বলেছে, ক্ষয়ক্ষতির হিসাব পুরোপুরি পেতে দিনকয়েক লাগতে পারে। নিহত ব্যক্তির সংখ্যা ইতিমধ্যে ৯০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে।
উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ঝড়ের পরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির একজন কর্মকর্তা বলছেন, হাইতির কয়েকটি এলাকা এতটাই বিধ্বস্ত হয়েছে যে সেখানে আকাশপথ বা নৌপথ ছাড়া পৌঁছানোর সুযোগ নেই।
ম্যাথিউর কবলে পড়ে বাড়িছাড়া হয়েছে হাইতির লাখো মানুষ। সেখানে আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে যায় ঝড়টি। এতে সেখানে ভারী বৃষ্টিপাত ও বন্যা এবং বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। হাইতি এমনিতেই উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ অঞ্চলের দরিদ্রতম দেশ। সামুদ্রিক ঝড়টির আঘাতে শুক্রবার পর্যন্ত কর্তৃপক্ষ সেখানে অন্তত ৮৭৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। ঝড়টির প্রভাবে গত মঙ্গলবার থেকেই সেখানে টানা বর্ষণ এবং ঘণ্টায় ২৩৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া শুরু হয়। সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্গত প্রায় ৬১ হাজার ৫০০ জন কয়েকটি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। উপকূলীয় অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়েছে। পাহাড়ি এলাকার তিনটি শহরেও অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। মুঠোফোনের নেটওয়ার্ক কাজ করছে না এবং রাস্তাঘাট পানিতে ডুবে আছে বলে প্রত্যন্ত এলাকাগুলোয় ত্রাণসামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। খাবারের অভাবে এবং কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত সাতজন। সম্ভবত বন্যার পানির সঙ্গে আবর্জনা মিশে যাওয়ায় এ ধরনের রোগ ছড়াচ্ছে।
বিবিসি জানায়, ঝড়টি গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল। তবে ঝড়টি দুর্বল হয়ে পড়ায় সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৭ কিলোমিটারে নেমে যায়।
হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা শুক্রবার জানায়, দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রত্যন্ত অনেক এলাকার খবরাখবর ঠিকমতো পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দক্ষিণাঞ্চলের বড় শহর জেরেমির প্রায় ৮০ শতাংশ ধ্বংস হয়েছে। ভিডিও ফুটেজের ছবিতে দেখা যায়, সেখানে শতাধিক বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। আরও তিনটি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে।
সরকারি কর্মকর্তা সাঁ-ভিক্তর জুন বার্তা সংস্থা এপিকে বলেন, জেরেমির এক প্রান্তে উদ্ধারকর্মীরা ৮২টি লাশ পেয়েছেন। কিন্তু যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় সেগুলো নিবন্ধন করা সম্ভব হয়নি।
হাইতির কর্তৃপক্ষ এবং জাতিসংঘ বলেছে, প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রয়োজন। উদ্ধার তৎপরতায় সাহায্য করতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ জাহাজ পাঠাচ্ছে। এতে রয়েছে খাবার ও পানি বিতরণের উপযোগী নয়টি সামরিক হেলিকপ্টার।