হাইতিতে কলেরা ঠেকাতে অর্থ চেয়েছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র দেশ হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। দেশটিতে প্রতিদিন গড়ে এক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। মহামারি রোধে ১৬ কোটি ৪০ লাখ ডলার সাহায্য চেয়েছে জাতিসংঘ। অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম কিনতে এই অর্থ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র এলিজাবেথ বায়ারস গত শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আশা করি, এই সহযোগিতা আমরা পাব। আর যদি আমরা এই তহবিল সংগ্রহে ব্যর্থ হই, তাহলে হাইতিতে কলেরার মহামারি প্রতিরোধে আমাদের সব প্রচেষ্টা ভেস্তে যাবে।’ হাইতিতে গত ২২ অক্টোবর কলেরায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এর পর থেকে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এএফপি।