হাইতিতে কলেরার বিস্তার কমে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জনে। তবে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, কলেরার বিস্তার কমে আসছে। দেশটির মধ্যাঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসছে।গত শনিবার পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২২০। ওই দিন হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে কলেরায় আক্রান্ত পাঁচ রোগীকে শনাক্ত করা হয়। এরপর দ্রুত অন্যদের থেকে তাদের আলাদা করা হয়। সেখানে নতুন করে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি।হাইতিতে গত জানুয়ারি মাসে ভূমিকম্পে আড়াই লাখ মানুষ নিহত হয়। এ ছাড়া শুধু রাজধানীতেই অন্তত ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এখনো সেখানে অন্তত ১৩ লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া কলেরা যদি এ শরণার্থী শিবিরগুলোয় ছড়িয়ে পড়ে, তাহলে মৃতের সংখ্যা অনেক বেড়ে যাবে।আশার কথা শুনিয়েছেন, হাইতির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক গ্যাব্রিয়েল টিমোথি। তিনি গত রোববার বলেছেন, কলেরায় আক্রান্ত রোগী মৃত্যুর ঘটনা বেড়েছে, কিন্তু গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে এসেছে। এএফপি ও বিবিসি।