হাইতিতে ছড়িয়ে পড়ছে রোগ-ব্যাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ ভূমিকম্পে পরিবার, স্বজন ও ঘরহারা হাইতিবাসী নতুন করে হুমকির মুখে পড়েছে। হাইতির নোংরা উদ্বাস্তু শিবিরসহ বিভিন্ন স্থানে উদরাময়, হাম, ধনুষ্টংকারসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। গত শুক্রবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। খবর এএফপির।গত ১২ জানুয়ারি হাইতিতে সাত মাত্রার ভূমিকম্পে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি ভেঙে গৃহহীন হয়েছে অন্তত ১০ লাখ মানুষ। এসব মানুষ আশ্রয় নিয়েছে নোংরা তাঁবু, আশ্রয়শিবির ও খোলা আকাশের নিচে। খাদ্য, পানি ও চিকিত্সাসামগ্রীর অভাবে ভুগছে দুর্গতরা। ভূমিকম্পের ১৭ দিন পরও দুর্গতদের ত্রাণ দিতে হিমশিম খাচ্ছে বিদেশি কর্মীরা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র পল গারউড সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের বলেন, বেশ কিছু চিকিত্সক দল জানিয়েছে, দুই-তিন ধরে হাইতিতে উদরাময়ে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। পুনর্বাসন শিবিরসহ বিভিন্ন স্থানে হাম ও ধনুষ্টংকার রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। এটা খুবই উদ্বেগজনক।তিনি জানান, জাতিসংঘ ও হাইতি সরকার হাম, ধনুষ্টংকার ও ডিপথেরিয়া রোগের টিকা দেওয়ার জন্য আগামী সপ্তাহ থেকে অভিযান শুরু করবে। পল জোর দিয়ে বলেন, হাসপাতালগুলোতে আরও শল্যচিকিত্সক প্রয়োজন। কয়েকটি হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০ থেকে ১০০ জনের অস্ত্রোপচার করা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতালগুলোতে চেতনাশক ও জীবাণুনাশক ওষুধ সরবরাহ করাও প্রয়োজন।হাইতির ৯০ লাখের বেশি জনগোষ্ঠীর মধ্যে প্রতি দুই জনের মধ্যে মাত্র একজন পরিষ্কার পানি পান করতে পারে। ১৯ শতাংশ মানুষ ব্যবহার করতে পারে স্বাস্থ্যসম্মত পায়খানা।