হাইতিতে জরুরি অবস্থা ঘোষণা ধৈর্য ধরতে বললেন বান কি মুন
হাইতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সে দেশের সরকার। এ ছাড়া আগামী এক মাস রাষ্ট্রীয় শোক পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ত্রাণের অপেক্ষায় থাকা হাইতির জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রাজধানী পোর্ট অ প্রিন্সের বিভিন্ন এলাকায় লুটপাট ও সহিংসতা বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকজন লুটেরাকে ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।রাজধানী পোর্ট অ প্রিন্সের কোনো কোনো জায়গায় ত্রাণ পৌঁছাতে শুরু করেছে। তবে রাস্তাঘাট বন্ধ হয়ে থাকায় ত্রাণতত্পরতা ব্যাহত হচ্ছে। অনেক মানুষ এখন রাজধানী ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় লুটপাট ও সহিংসতাও হচ্ছে। এ অবস্থায় ৩১ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।প্রেসিডেন্ট রেনি প্রিভাল জানিয়েছেন, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং হাইতির পুলিশ সদস্যদের সহযোগিতা করবে সাড়ে তিন হাজার মার্কিন সেনা।প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাজধানীতে দুই হাজার পুলিশ সদস্য আছেন। তাঁদের মধ্যে অনেকেই আবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ভূমিকম্পের পর কারাগার থেকে পালিয়েছে তিন হাজার সন্ত্রাসী-অপরাধী। এ থেকেই আপনারা বুঝতে পারবেন, পরিস্থিতি কী ভয়াবহ।’জাতিসংঘ মহাসচিব বান কি মুন হাইতি পরিস্থিতিকে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছেন। গত রোববার পোর্ট অ প্রিন্সে তিনি বিধ্বস্ত জাতিসংঘ মিশনের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রেসিডেন্ট রেনি প্রিভালের সঙ্গে সাক্ষাত্ করেন। এ ছাড়া দুর্গত মানুষের জন্য তিনি প্রেসিডেন্টের প্রাসাদের বিপরীতে অস্থায়ীভাবে তৈরি করা একটি ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় সেখানকার লোকজন চিত্কার করতে থাকে ‘খাবার কোথায়’ ‘কোথায় সাহায্য’ বলে।বান কি মুন মানুষকে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, ২০ লাখ মানুষের জন্য প্রতিদিন খাবার সরবরাহ করা একটি বিরাট চ্যালেঞ্জ।জাতিসংঘ হাইতির মানুষের পাশে আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা একা নন, আমরা আছি আপনাদের পাশে। সাহায্য আসতে শুরু করেছে।’বান জাতিসংঘ মিশন সদর দপ্তর পরিদর্শন করে ফেরার পরই জানতে পারেন, সেখান থেকে জাতিসংঘের এক কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।বান সাংবাদিকদের বলেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধারের বিষয়টি আমাকে জানানো হয়েছে। এটা সত্যিই আশার খবর। জীবন রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য এবং আমি আশা করছি, আরও অনেককে উদ্ধার করা যাবে।’ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় মানুষজনকে উদ্ধারে এখনো চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিভিন্ন দেশের ২৭টিরও বেশি উদ্ধারকারী দল এ কাজ করে যাচ্ছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মরদেহ উদ্ধার করে গণকবর দেওয়া হয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গত রোববার তারা ৬০ হাজার মানুষকে ত্রাণ দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের এক ত্রাণ কর্মকর্তা জানান, মার্কিন কর্তৃপক্ষ এক লাখ ৩০ হাজার মানুষকে খাবার দিয়েছে। তবে প্রয়োজন আরও অনেক বেশি। এএফপি, বিবিসি অনলাইন।