হাইতিতে নির্বাচন বাতিলে বিক্ষোভ
হাইতিতে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন বাতিলের দাবিতে গতকাল রোববার রাজধানীবাসীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করেছেন নির্বাচনে অংশ নেওয়া প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। এদিকে দেশটির প্রেসিডেন্ট রেনে প্রিভাল বলেছেন, সাবেক একনায়ক জ্যাঁ-ক্লদ দুভালিয়েরের দেশে ফেরার অধিকার রয়েছে। তবে তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।হাইতির নির্বাচন কমিশন (সিইপি) নির্বাচন সম্পর্কিত অভিযোগগুলোর শুনানি শুরু করার পর গতকাল বিক্ষোভ দেখা দেয়। এক বছর আগে মারাত্মক ভূমিকম্পে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে। এত বড় দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট দেশটিকে বিপর্যস্ত করে তুলেছে।নির্বাচনে অংশগ্রহণকারী ১২ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর একজন জ্যাঁ-হেনরি কিন্ট রোববার সকালের ওই বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘সামনে একটাই পথ খোলা আছে, তা হলো নির্বাচন বাতিল করা।’অপর প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে চার্লস হেনরি বাকের বলেন, ২৮ নভেম্বরের নির্বাচনে জালিয়াতি হয়েছে।২৫ বছরের নির্বাসিত জীবন থেকে দুভালিয়েরের দেশে প্রত্যাবর্তনের পর তাঁর সম্পর্কে প্রথমবার মুখ খুললেন প্রিভাল। ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুভালিয়েরের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনা হয়। সর্বশেষ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগও আনা হয় দেশটির সাবেক এই একনায়কের বিরুদ্ধে। দুভালিয়ের বলেছেন, তিনি যন্ত্রণা ভোগ করতে প্রস্তুত আছেন। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে তাঁর অতীত কৃতকর্মের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তাঁর শাসনামলে নির্যাতিতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, তিনি জাতীয় ঐক্য ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে কাজ করতে চান। এএফপি ও বিবিসি।