হাইতিতে বন্যায় ১১ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগর লেস কাইয়েসে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১১ জন নিহত ও দুজন নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শত শত লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে রাস্তাঘাট দেড় মিটার পানিতে তলিয়ে গেছে। বহু ঘরবাড়ি ধসে পড়ায় সেখানকার বাসিন্দারা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিমে লেস কাইয়েস নগরের প্রধান হাসপাতাল ও জেলখানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর এটাই হাইতিতে সংঘটিত সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। এএফপি।স্থানীয় সিনেটর ফ্রাংকি এক্সিয়াস টেলিফোনে এএফপিকে জানিয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। পুরো শহরই পানিতে তলিয়ে গেছে। বহু মানুষ বাড়ির ছাদে উঠে আশ্রয় নিয়েছে।কর্মকর্তারা বলেছেন, স্থানীয় জেলখানা ও হাসপাতাল থেকে জাতিসংঘের শান্তিকর্মী ও পুলিশ সদস্যরা কমপক্ষে ৫০০ কয়েদি ও রোগীকে নিচতলা থেকে ওপরের তলায় সরিয়ে নিয়েছেন। বর্ষাকালে হাইতিতে প্রবল বর্ষণজনিত বন্যার ঘটনা বিরল কিছু নয়। তবে সাধারণ বর্ষা মৌসুম শুরু হওয়ার অনেক আগেই এ বন্যা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত ১২ জানুয়ারি হাইতিতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়। তবে ওই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিল লেস কাইয়েস।