হাইতিতে আন্তর্জাতিক ত্রাণসহায়তা পৌঁছাতে শুরু করেছে। ইতিমধ্যে ৭৪টি বিমান ত্রাণসহায়তা নিয়ে পোর্ট অ প্রিন্সে পৌঁছেছে। এ ছাড়া অনেক বিমান হাইতির পথে রয়েছে। এদিকে ভূমিকম্প দুর্গত এলাকায় লুটতরাজ আরও বেড়ে গেছে। এ কারণে দুর্গত মানুষ চরম উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। হাইতি সরকার ভূমিকম্প বিধ্বস্ত লোকজনের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করেছে। একই সঙ্গে সরকার সতর্ক করে দিয়ে বলেছে, ত্রাণ বিতরণে সমন্বয় নেই। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, ত্রাণ বিতরণে সমন্বয় সৃষ্টি করা না গেলে হাইতিতে চরম মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে। খবর এএফপি, বিবিসি ও এপির।জাতিসংঘ ভূমিকম্প দুর্গত লোকজনের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫৬ কোটি ডলার সাহায্য চেয়েছে। সংস্থাটির মহাসচিব বান কি মুনের আজ রোববার হাইতি সফরে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেশের নাগরিকদের প্রতি হাইতির দুর্গত লোকজনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শনিবার হাইতি সফর করেছেন। হাইতি সরকার বলেছে, মঙ্গলবারের ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি লোক মারা গেছে। আহত হয়েছে আড়াই লাখ। নিহত মানুষের মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চীনসহ অন্তত ২৪টি দেশের নাগরিক রয়েছে। যুক্তরাষ্ট্র সে দেশে অবৈধভাবে বসবাসকারী হাইতির নাগরিকদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর এএফপি ও বিবিসির। সমন্বয়ের অভাবে উদ্বেগ: হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল শুক্রবার আন্তর্জাতিক দাতা দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি ত্রাণ বিতরণে সমন্বয়ের অভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেভল বলেন, ‘আমাদের আন্তর্জাতিক সাহায্যের দরকার। তবে সমস্যা হচ্ছে এ নিয়ে সমন্বয়ের অভাব।’ প্রেসিডেন্ট বলেন, শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের ৭৪টি বিমান ত্রাণসহায়তা নিয়ে পোর্ট অ প্রিন্সে পৌঁছায়। তিনি বলেন, কার্যকরভাবে ত্রাণ বিতরণের জন্য কমিটি গঠন করা হয়েছে। ত্রাণকর্মীদের এসব কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণের আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের সহায়তা দাবি: দুর্গত হাইতিবাসীর সাহায্যের জন্য জাতিসংঘ বিশ্ব সম্প্রদায়ের কাছে ৫৬ কোটি মার্কিন ডলার ত্রাণ সাহায্য চেয়েছে। জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান সমন্বয়কারী জন হলমেস বলেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত ৩০ লাখ লোকের জরুরি সহায়তা হিসেবে ছয় মাসের জন্য এ ত্রাণ দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: পোর্ট অ প্রিন্সে নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়েছে। লুটতরাজ বেড়ে গেছে পথঘাটে। নগরের বাসিন্দা এভলিন বুইনো বলেন, ভূমিকম্পের পরে যেটুকু মালসামানা আছে তা রক্ষায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে যখন তখন হামলা চালাচ্ছে। বুইনো বলেন, ভূমিকম্পে রাজধানীর একটি জেলখানা বিধ্বস্ত হয়েছে। সেখানে প্রায় চার হাজার সন্ত্রাসী আটক ছিল। ভবন ধসে তাদের কেউ কেউ মারা গেছে। আর যারা বেঁচে আছে তারা পালিয়ে গেছে। তিনি বলেন, এসব সন্ত্রাসীই এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লুটতরাজ করছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা লুটতরাজে জড়িয়ে পড়েছে। এটা এখন মারাত্মক সমস্যা।ত্রাণের জন্য হাহাকার: ভূমিকম্পের ধ্বংসলীলা থেকে যারা বেঁচে গেছে তারা ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। পোর্ট অ প্রিন্সে বিবিসির সাংবাদিক বলেছেন, ত্রাণ না পেয়ে দুর্গত মানুষ ফুঁসে উঠেছে। তিনি বলেন, এখন এখানে যা ঘটছে তা এক কথায় চরম মানবিক বিপর্যয়। এই মুহূর্তে এখানকার দুর্গত মানুষের সবচেয়ে বেশি দরকার খাবার ও পানি।যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত: ভূমিকম্প-পরবর্তী ধ্বংসাবশেষ সরানোর সরঞ্জামের অভাবে ত্রাণ বিতরণের কাজ ব্যাহত হচ্ছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো অব্যাহত থাকলেও তা প্রয়োজনের চেয়ে অপর্যাপ্ত। তা ছাড়া বিভিন্ন স্থানে রাস্তায় এখনো মরদেহ পড়ে আছে। এতে গাড়ি চলাচল করতে না পারায় ত্রাণ তত্পরতা বাধাগ্রস্ত হচ্ছে। দেশটির প্রধান বিমানবন্দর ত্রাণে বোঝাই হয়ে গেছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল জড়ো হওয়ায় সেখানে বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে। ত্রাণ বিতরণ এবং দুর্গত লোকজনের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য মার্কিন কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘোষণা: মার্কিন সরকার শুক্রবার সে দেশে অবৈধভাবে বসবাসরত হাইতির নাগরিকদের রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়কমন্ত্রী জ্যানেথ নেপোলিটেনো বলেছেন, স্বদেশে প্রত্যাবর্তন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে—এটা বিবেচনা করে হাইতির নাগরিকদের জন্য বিশেষ অভিবাসন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে হাইতির অবৈধ নাগরিকেরা যুক্তরাষ্ট্রে আরও ১৮ মাস অবস্থান করতে পারবে। এই সময়ে তারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং বৈধভাবে কাজ করার সুযোগ পাবে। এ ছাড়া নতুন ড্রাইভিং লাইসেন্সও নিতে পারবে তারা। বিভিন্ন দেশের নাগরিক নিহত: ভূমিকম্পে আর্জেন্টিনার একজন জাতিসংঘ শান্তিরক্ষীকর্মী, অস্ট্রিয়ার একজন উন্নয়নকর্মী, ব্রাজিলের ১৪ জন শান্তিরক্ষীকর্মী, ব্রিটেনের একজন সাহায্যকর্মী, কানাডার চারজন নাগরিক, চীনের আটজন শান্তিরক্ষীকর্মী, ফ্রান্সের ছয়জন নাগরিক, জর্ডানের তিনজন শান্তিরক্ষীকর্মী ও মেক্সিকোর একজন নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া কানাডার এক হাজার ৪১৫ জন, মরিশাসের দুজন, ফিলিপাইনের ছয়জন ও পোল্যান্ডের একজন নাগরিক নিখোঁজ রয়েছে।