হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে গত মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। এ ছাড়া ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রেসিডেন্টের প্রাসাদ, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদর দপ্তর, বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়সহ অনেক সরকারি-বেসরকারি অফিস-আদালত ও বাসভবন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জন জাতিসংঘ শান্তিরক্ষী মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল চারটা ৪৫ মিনিটে সাত মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথম ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই ৫ দশমিক ৯, ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ১ মাত্রার আরও তিনটি মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।হাইতিতে গত ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানীজুড়ে কয়েক হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। পুরো রাজধানী ঢাকা পড়ে ধূলি-ধোঁয়ার আঁধারে। এরপর নেমে আসে রাত। বিদ্যুত্ না থাকায় পুরো রাজধানী রাতভর ছিল অন্ধকারের মধ্যে।প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা কয়েক শ, এমনকি হাজার ছাড়িয়ে যেতে পারে।দাতব্য ‘সংস্থা ফুড ফর দ্য পুওর’-এর নির্বাহী ব্যবস্থাপক রাসমানি দোমারসান্ত সাংবাদিকদের বলেন, ‘মানুষ ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত ও আহত ব্যক্তিদের টেনে বের করার চেষ্টা করছে। অনেকে আহত হয়ে রাস্তার ওপর পড়ে কাতরাচ্ছে। আহত ব্যক্তিদের পিকআপে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।’স্থানীয় টেলিভিশন ও রেডিওর উপস্থাপক প্রত্যক্ষদর্শী ক্যারল পেডরি বলেন, ‘আমি দেখেছি, অসংখ্য মানুষ সাহায্যের জন্য কাতরাচ্ছে। অনেকের শরীর থেকে রক্ত ঝরছে। তবে তাদের সাহায্য করার কেউ নেই। আহত ব্যক্তিরা নিজেরাই একে অন্যকে সাহায্যের চেষ্টা করছে।’তিনি বলেন, ‘অসংখ্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিদ্যুত্ নেই। পুরো শহর অন্ধকারে ডুবে আছে। ফোনের নেটওয়ার্ক না থাকায় কেউ কারও সঙ্গে যোগাযোগও করতে পারছে না।’ভূমিকম্পে রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্ট প্রাসাদও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন। তবে প্রেসিডেন্ট রেনি প্রিভাল অক্ষত আছেন।মেক্সিকোতে নিযুক্ত হাইতির রাষ্ট্রদূত রবার্ট ম্যানুয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী বেঁচে আছেন। তবে পরিস্থিতি খুবই ভয়াবহ।’ওয়াশিংটনে নিযুক্ত হাইতির রাষ্ট্রদূত রেমন্ড যোসেফ জানান, প্রেসিডেন্ট প্রাসাদ, কর ভবন এবং বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।বিশ্বব্যাংক জানিয়েছে, হাইতিতে তাদের স্থানীয় কার্যালয় ধ্বংস হয়ে গেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের সবাই মোটামুটি নিরাপদে আছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন পরিকল্পনার জন্য সেখানে একটি দল পাঠানোর পরিকল্পনা নিয়েছে বিশ্বব্যাংক।জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রধান অ্যালেইন লি রয় জানিয়েছেন, ভূমিকম্পে মিশনের সদর দপ্তর বিধ্বস্ত হয়েছে এবং মিশনের অনেক সদস্য নিখোঁজ রয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সদর দপ্তরের পাঁচতলা মূল ভবনটি বিধ্বস্ত হয়েছে। সেখানে অনেকেই হতাহত হয়েছেন। এ মুহূর্তে সঠিক সংখ্যা জানাতে না পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন।’ মিশন সদর দপ্তরে সাধারণত দুই থেকে আড়াই শ লোক কাজ করে।লি রয় জানান, সাহায্য তত্পরতা সমন্বয়ের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন বুধবার সকালে সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।চীনের চায়না ডেইলি সংবাদপত্র জানিয়েছে, হাইতিতে কর্মরত তাদের ১২৫ শান্তিরক্ষীর মধ্যে আটজন মারা গেছেন।জর্ডানের সংবাদ সংস্থা পেট্রা দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, হাইতিতে তিন জর্ডানি শান্তিরক্ষী নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এ ছাড়া ব্রাজিলের চার শান্তিরক্ষীও মারা গেছেন বলে জানা গেছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন হাইতির এই দুর্যোগ এবং দেশটির মানুষ ও সেখানে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যদের নিয়ে গভীর উদ্বিগ্ন।এদিকে নিউইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশি সদস্যরা নিরাপদে আছেন। রাজধানীতে একটি হোটেল বিধ্বস্ত হয়ে প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছে। ওই হোটেলটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ফ্রান্সের সহযোগিতা-বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী অ্যালায়েন জয়ানদাত বলেন, ‘মন্টানা হোটেলে পর্যটকেরা এবং হাইতিতে কর্মরত ফরাসি নাগরিকেরা থাকে। জানতে পেরেছি, হোটেলটি যখন বিধ্বস্ত হয়, তখন প্রায় ৩০০ জন সেখানে ছিল। এর মধ্যে ১০০ জনের মতো বেরিয়ে আসতে পেরেছে।’দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাইতিতে ভূমিকম্পের পর থেকে সেখানে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার সাত নাগরিক নিখোঁজ রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাইতির জনগণের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, হাইতিতে সামরিক ও বেসামরিক উভয় ধরনের সাহায্য পাঠানো হবে।উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা জানিয়েছে, তারা ৫০ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠাবে।জেনেভা থেকে একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে রেডক্রস। জাতিসংঘ খাদ্য কর্মসূচি খাদ্যবোঝাই দুটি বিমান পাঠিয়েছে।যুক্তরাজ্য জানিয়েছে, তারা সাহায্য পাঠাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে।এ ছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পেরু, মেক্সিকো, ব্রাজিল, পানামাসহ বিশ্বের অনেক দেশই সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জানিয়েছেন, হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত প্রায় এক হাজার ২০০ ব্রাজিলীয় নাগরিকের বিষয়ে তিনি উদ্বিগ্ন। এএফপি, বিবিসি অনলাইন, এপি, পিটিআই।