হাইতির দুর্গত মানুষের পাশে তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে ভূমিকম্প-দুর্গত লোকজনের পাশে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত তারকারা। ভূমিকম্প বিধ্বস্ত লোকজনের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য গত শুক্রবার কনসার্ট করেছেন তাঁরা। এতে হলিউড ও সংগীতজগতের ১৩০ জন তারকা অংশ নিয়েছেন। হলিউড হার্টথ্রব জর্জ ক্লুনি এ কনসার্টের আয়োজন করেন। বিশ্বের বড় বড় টেলিভিশন চ্যানেলে এ কনসার্ট সরাসরি সম্প্রচার করা হয়। খবর এএফপি ও বিবিসির। হলিউড তারকা ব্রাড পিট, বেন স্টেলার, ক্লিন্ট ইস্টউড, ডেনজেল ওয়াশিংটন, হেলি বেরি, জুলিয়া রবার্টস, লিওনার্দো ডি ক্যাপ্রিও, ম্যাট ড্যামন, মেরিল স্ট্রিপ, নিকোল কিডম্যান, টম হ্যাঙ্কস, উইল স্মিথ কনসার্টে যোগ দেন। এতে আরও আসেন ব্রুস স্পিংস্টিন, জেনিফার হাডসন, ম্যারি জে ব্লিগ, শাকিরা, ম্যাডোনা, বোনো, জে-জেড, স্টিফেন স্পিলবার্গ ও র্যাপার জিন। মোহাম্মদ আলী, বিল ক্লিনটন, জন মায়ারও অনুষ্ঠানে অংশ নেন। কনসার্ট অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে বিশ্বখ্যাত তারকারা দাতাদের কাছে তহবিলের জন্য আবেদন জানান। কয়েক ঘণ্টাব্যাপী চলে এ অনুষ্ঠান। এ সময় অনেক দাতা তারকাদের আবেদনে সাড়া দেন। জর্জ ক্লুনি শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘হাইতির বিপর্যয় সারা বিশ্বের মানুষকে ছুঁয়েছে। প্রতিটি ধর্মের মূল কথা একে অপরের সাহায্যে এগিয়ে আসা। এ মুহূর্তে আমাদের সাহায্য হাইতির মানুষের খুবই দরকার। তারা যে একা নয়, এটা তাদের জানিয়ে দেওয়া দরকার।’ ক্লুনি হাইতির দুর্গত লোকজনের জন্য ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দেন। হাইতির প্রখ্যাত র্যাপার উইকলেফ জিন বিশ্ববাসীর উদ্দেশে বলেন, ‘আমি একজন হাইতিয়ান। ছাই থেকে আমরা জেগে উঠতে চাই।’এমটিভি, এবিসি, সিবিএস, এনবিসি, ফক্স, সিএনএন, এইচবিওসহ বিশ্বের বড় বড় টেলিভিশন চ্যানেল এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। এ ছাড়া ইউটিউবেও প্রচার করা হয়।