হাইতির পুনর্গঠন নিয়ে দাতাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে ভূমিকম্পের পর এ পর্যন্ত প্রায় দেড় লাখ মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া এখনো প্রায় দুই লাখ মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেটা হলে মৃতের সংখ্যা হবে প্রায় সাড়ে তিন লাখ। রাজধানী পোর্ট অ প্রিন্সে লুটপাট এবং সহিংসতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তত্পরতা বাড়াতে হাইতিতে আরও সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে দীর্ঘমেয়াদি পুনর্গঠন পরিকল্পনা বিষয়ে আলোচনার জন্য গতকাল সোমবার কানাডার মন্ট্রিলে আলোচনায় বসেছেন দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা।হাইতির যোগাযোগমন্ত্রী ম্যারি-ল্যারেন্স জোসিলন লাসগুয়ে জানিয়েছেন, রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে গতকাল সোমবার পর্যন্ত প্রায় দেড় লাখ মৃতদেহ উদ্ধার করে কবর দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আরও কত মানুষ মারা গেছে নির্দিষ্ট করে বলা খুবই কঠিন। তবে প্রধানমন্ত্রী দুই লাখের কথাই বলছেন।’জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, হাইতিতে দীর্ঘমেয়াদি পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ এবং আগামী মার্চে দাতা সম্মেলন আয়োজনের প্রস্তুতি বিষয়ে আলোচনার জন্য গতকাল কানাডার মন্ট্রিলে বৈঠকে বসেন দাতা দেশগুলোর প্রতিনিধিরা। প্রায় ২০টি দেশের প্রতিনিধির এই বৈঠকে যোগ দিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যঁ-ম্যাক্স বিল্লেরিভ, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জাতিসংঘের কর্মকর্তারা।অক্সফাম ইন্টারন্যাশনাল জানিয়েছে, হাইতির ৮৯০ ডলারের বিদেশি ঋণ মওকুফের বিষয়ে মন্ট্রিলে আলোচনায় দাতা দেশগুলো একমত হতে পারে।হাইতিকে সাত কোটি মার্কিন ডলার ত্রাণসাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার। এ ছাড়া তারা হাইতি জাতিসংঘ মিশনে তিন শতাধিক শান্তিরক্ষী পাঠাবে।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার বলেন, ‘কানাডায় দাতা দেশগুলোর বৈঠকে হাইতির জন্য সাত কোটি মার্কিন ডলার মূল্যের ত্রাণ প্যাকেজ ঘোষণা দেবে আমাদের সরকার।’হাইতি সরকার উদ্ধার তত্পরতা সমাপ্তি ঘোষণার পরও এখনো কাজ করছে কিছু কিছু উদ্ধারকারী দল। ফরাসি একটি উদ্ধারকারী দল গত সোমবার জানিয়েছে, তারা সম্ভবত একজন জীবিত মানুষকে ধ্বংসস্তূপের নিচে চিহ্নিত করতে পেরেছে।উদ্ধারকারী দলের এক সদস্য ফিলিপ্পি চাউছিনেইদ বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে কিছু একটা নড়াচড়া করছে বলে রাডারে ধরা পড়েছে। আমরা এখনো জানি না ওটা আসলে কী। হতে পারে কোনো প্রাণী বা মানুষ। খুঁড়ে বের করার চেষ্টা করছি। আরও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।’এদিকে ভূমিকম্পের ১২ দিন পর গতকালও হাইতিতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক সাত। তবে এতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানা যায়নি।পোর্ট অ প্রিন্সে এখনো লুটপাট চলছে। লুটপাটকারীদের রুখতে চেষ্টা করছে পুলিশ, তবে তাদের সফলতা খুবই সামান্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশ একজনকে গুলি করে হত্যা করেছে।এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও জনশক্তি ও যানবাহন চেয়েছেন হাইতিতে জাতিসংঘ মিশন-প্রধান এডমন্ড মুলেট। এ ছাড়া তিনি জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরাতে এবং হতাহতের সংখ্যা নিরূপণ করতে বছর পেরিয়ে যেতে পারে। এএফপি, বিবিসি অনলাইন।