হাইতির পুনর্গঠনে ১১৫০ কোটি ডলার দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে লন্ডভন্ড হাইতির পুনর্গঠনে এক হাজার ১৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে সে দেশের সরকার জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর বিশেষজ্ঞদের সহায়তায় হাইতি সরকার পুনর্বাসনের যে খসড়া পরিকল্পনাপত্র তৈরি করেছে, তাতে এ সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে। চলতি মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠেয় হাইতি পুনর্গঠন সম্মেলনে এ প্রতিবেদন পেশ করা হবে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।গত জানুয়ারিতে সংঘটিত ভূমিকম্পে হাইতিতে প্রায় দুই লাখ ২০ হাজার লোক নিহত হয়। ধ্বংস হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি। কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকাজ, বিশেষ করে ভেঙে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণে হাইতি সরকার একটি পরিকল্পনাপত্র তৈরি করেছে। হাইতি ও বিদেশি সাহায্য সংস্থার ২৫০ জন বিশেষজ্ঞ প্রিলিমিনারি ড্যামেজ অ্যান্ড নিডস্ অ্যাসেসমেন্ট (পিডিএনএ) শিরোনামের ওই প্রতিবেদন তৈরি করেন।প্রতিবেদনে বলা হয়, ৭ মাত্রার ভূমিকম্পে লাখ লাখ লোকের প্রাণহানির পাশাপাশি প্রায় ৭৯০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ক্ষতির ৭০ শতাংশই হয়েছে বেসরকারি খাতে। এর মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল, সেতু, নৌ ও বিমানবন্দরের স্থাপনা ধ্বংস হয়ে ৪৪০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্বাসনকাজে এক হাজার ১৫০ কোটি ডলার ব্যয় হতে পারে। এর মধ্যে সামাজিক খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫০ শতাংশ, আবাসনসহ অবকাঠামো নির্মাণের ১৭ শতাংশ ও পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যয় হবে ১৫ শতাংশ।হাইতির পর্যটনমন্ত্রী প্যাট্রিক ডিলাট্যুর বলেছেন, এটা কোনো চূড়ান্ত হিসাব নয়। এটা একটা প্রাথমিক ধারণা। তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে সম্ভাব্য ব্যয় এক হাজার ১৫০ কোটি ডলার দেখানো হলেও শেষ পর্যন্ত এ ব্যয়ের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।আগামী ৩১ মার্চ নিউইয়র্কে দাতা দেশগুলোর অংশগ্রহণে হাইতি পুনর্গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পিডিএনএ পেশ করা হবে এবং এই প্রতিবেদনের নানা দিক নিয়ে পর্যালোচনা করা হবে। হাইতিতে সাধারণত এপ্রিল মাসে ভারী বৃষ্টিপাত এবং জুনে ঘূর্ণিঝড় হারিকেন হয়ে থাকে। এ দুটি বিষয় মাথায় রেখে পুনর্গঠন প্রতিবেদনে বাড়িঘর হারিয়ে যারা প্রায় খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে, জরুরি ভিত্তিতে তাদের আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।