হাইতির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান
হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের চারজন প্রার্থী নির্বাচন স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছেন। দেশটিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এ আহ্বান জানানো হয়। কলেরায় এ পর্যন্ত ১২০০ লোকের প্রাণহানি হয়েছে। আগামী ২৮ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।ওই চার প্রার্থী একটি যৌথ বিবৃতিতে জানান, ‘আমরা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ স্থগিত করাসহ কলেরার হুমকি থেকে মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি।’ তবে নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রার্থীরা রাজনৈতিক অস্থিতিশীলতা এড়ানোর জন্য ২৮ নভেম্বর নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।এদিকে জাতিসংঘ হাইতির কলেরা-পরিস্থিতি মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ৪০ লাখ ডলার সাহায্যের আবেদন করেছিল। তবে কাঙ্ক্ষিত সাহায্যের সাড়া না পাওয়ায় সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হতাশা প্রকাশ করেছেন। এএফপি।