হাইতির রাজধানীতেও ছড়িয়ে পড়েছে কলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে কলেরা ছড়িয়ে পড়েছে। এ রোগে দেশটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে গত শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০। তা ছাড়া কলেরায় আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন (পিএএইচও) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হাইতির গণস্বাস্থ্য বিভাগের গবেষণাগার সূত্র নিশ্চিত করেছে, রাজধানীতেও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে সেখানে কলেরায় আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।হাইতিতে গত জানুয়ারি মাসে ভূমিকম্পে আড়াই লাখ মানুষ নিহত হয়। ওই ভূমিকম্পে শুধু রাজধানীতেই অন্তত ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এখনো লাখ লাখ মানুষ তাঁবুতে মানবেতর জীবন যাপন করছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, উত্তর ও মধ্যাঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়া কলেরা যদি শরণার্থী শিবিরগুলোতেও ছড়িয়ে পড়ে, তাহলে মৃতের সংখ্যা অনেক বেড়ে যাবে।আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ডাইয়ুলা লাইয়িসেইন্ট জানিয়েছেন, কলেরায় আক্রান্ত রোগীদের মধ্যে হাইতির উত্তরাঞ্চলীয় আর্টিবোনিট শহরে শনিবারে আরও ১২ জনের এবং মধ্যাঞ্চলে ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের একটি কারাগারে আরও অর্ধশতাধিক বন্দী কলেরায় আক্রান্ত হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জোসলিন পিয়েরে-লুইস সতর্ক করে বলেছেন, এ পরিস্থিতিতে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কলেরা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করতে হবে। জনগণকে বাসি-পচা খাবার ও নোংরা পানি পান পরিহার করতে হবে। সরকার জনগণের পাশে আছে। কলেরা যাতে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, কর্তৃপক্ষ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।পিএএইচও জানিয়েছে, প্রতিবেশী ডোমিনিকান রিপাবলিকে কলেরায় আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।প্রেসিডেন্ট রেনে প্রিভাল ও স্বাস্থ্যমন্ত্রী আলেক্স লারসেন কলেরা পরিস্থিতি দেখতে শনিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এএফপি।