হাইতির রাজধানীতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ
ক্যারিবীয় দরিদ্র দেশ হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের চলমান সংঘর্ষ রাজধানীতেও ছড়িয়ে পড়েছে। এতে কলেরার বিস্তার প্রতিরোধে আন্তর্জাতিক চেষ্টা ব্যাহত হচ্ছে। দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ১০০ জন ছাড়িয়ে গেছে। হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের বিভিন্ন রাস্তায় গত বৃহস্পতিবার শত শত বিক্ষোভকারী টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে। তারা জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।গত সোমবার হাইতির উত্তরাঞ্চলে স্থানীয় জনতার সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ হয়। এ সময় তিন ব্যক্তি নিহত হয়। এর পর থেকে দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।হাইতিতে গত ২২ অক্টোবর কলেরায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এর পর থেকে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।হাইতির একদল লোকের বিশ্বাস, নেপাল থেকে জাতিসংঘের শান্তি মিশনে যোগ দেওয়া রক্ষীরা কলেরা ছড়াচ্ছে। তাই শান্তিরক্ষীদের প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ শুরু করে। জাতিসংঘ দাবি করেছে, এটি গুজব। এ খবর ভিত্তিহীন।জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রেনে প্রেভাল বলেন, ২৮ নভেম্বর দেশটির সাধারণ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল বিদ্বেষ ছড়াচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।আটলান্টাভিত্তিক সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, কলেরায় সংক্রমণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা দুরূহ। দেশটির পরিবেশ-পরিস্থিতি ভালো নয়। হাইতিবাসীদের কলেরা প্রতিরোধক্ষমতাও কম। জানুয়ারিতে ভূমিকম্পে হাইতিতে অন্তত আড়াই লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। রাজধানীর বিভিন্ন তাঁবুতে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁরা জীবনযাপন করছেন। সেখানে স্বাস্থ্যসম্মত খাবার বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে কলেরা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। এএফপি ও বিবিসি অনলাইন।