হাওয়াই দ্বীপে হাজার হাজার সামুদ্রিক মাছ ও পাখির মৃত্যু
জাপানে সুনামির প্রভাবে যুক্তরাষ্ট্রে বন্য প্রাণীর একটি অভয়ারণ্যে হাজার হাজার অ্যালবাট্রস ও পেট্রেল পাখিসহ বন্য প্রাণী মারা গেছে। হাওয়াই দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে ওই অভয়ারণ্যটি অবস্থিত। যুক্তরাষ্ট্র সরকারের মৎস্য ও বন্য প্রাণী সংস্থা জানিয়েছে, জাপানি উপকূলে গত সপ্তাহে যখন শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে সুনামি আঘাত হানে, তার ধাক্কা লাগে মিডওয়ে অ্যাটল ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজ অভয়ারণ্যে। এতে হাজার হাজার অ্যালবাট্রস মারা পড়ে। তবে ওই দ্বীপে ‘উইসডম’ নামের সবচেয়ে বয়স্ক অ্যালবাট্রসটি দৈবক্রমে বেঁচে আছে। এটির বয়স প্রায় ৬০ বছর। এই অভয়ারণ্যে বিশ লাখেরও বেশি পাখি আছে। এ ছাড়া হাজারে হাজারে পাখির বাচ্চাও প্রাণ হারিয়েছে সুনামিতে। অভয়ারণ্যটির ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ১০ মার্চ স্থানীয় সময় মধ্যরাতে এখানে সুনামি আঘাত হানে। এরপর কয়েক ঘণ্টা ধরে প্রবাল দ্বীপটির ওপর দিয়ে এর প্রভাব বয়ে যায়। ৩৭০ একরের এ দ্বীপের পূর্বাঞ্চলের ৬০ শতাংশ এলাকা সামুদ্রিক ঢেউয়ে তছনছ হয়ে যায়। তবে দ্বীপের বাসিন্দারা নিরাপদে সরে যেতে সক্ষম হয়।মৎস্য ও বন্য প্রাণী সংস্থা জানিয়েছে, সুনামির পর দ্বীপের পূর্বাঞ্চলে কয়েক হাজার মৃত মাছও পড়ে থাকতে দেখা যায়। মিডওয়ে বিশ্বের সবচেয়ে দুর্গম একটি প্রবাল দ্বীপ। ১৯৯৩ সালে নৌবাহিনীর স্থাপনা বন্ধ করে দেওয়ার পর দ্বীপটিকে বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়। বিবিসি।