হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তালেবান
পাকিস্তানের তালেবান জঙ্গিরা তাদের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ মারা গেছেন বলে নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার তালেবান সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের ঘাঁটিতে মার্কিন চালকবিহীন বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় মেহসুদ আহত হন। এরপর করাচিতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে, কিছু দিন আগেই তারা নিশ্চিত হয়েছে, মেহসুদ আর বেঁচে নেই। মার্কিন গণমাধ্যম তাঁর নিহত হওয়ার খবর প্রকাশ করে। একই সময়ে পাকিস্তানের গণমাধ্যম মেহসুদকে কবর দেওয়ার খবরও প্রকাশ করে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা অনুসন্ধান করে মেহসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।গত বছরের আগস্টে অপর একটি ক্ষেপণাস্ত্র হামলায় হাকিমুল্লাহর পূর্বসূরি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ নিহত হন। এরপর তালেবানদের নেতৃত্ব নেন হাকিমুল্লাহ মেহসুদ।পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সন্ত্রাসী হামলার জন্য হাকিমুল্লাহ মেহসুদকে দায়ী করা হয়। এর মধ্যে গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর হামলা, জুন মাসে পেশোয়ারের পার্ল কন্টিনেন্টাল হোটেলে বোমা হামলার দায় তিনি স্বীকার করেছেন। এ ছাড়া ওই বছরে আফগানিস্তানে সিআইএর ঘাঁটিতে হামলার জন্য তাঁকে দায়ী করা হয়। যুক্তরাষ্ট্র তাঁর মাথার দাম পাঁচ লাখ ৯০ হাজার ডলার ঘোষণা করেছিল।বিশেষজ্ঞরা মনে করছেন, হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুতে বড় ধরনের ধাক্কা খেল তালেবান। মৌলভি নুর জামাল তাঁর উত্তরসূরি হচ্ছেন বলে তালেবান সূত্র জানিয়েছে। এনডিটিভি।