হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর খবর প্রত্যাখ্যান করেছে তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানের তালেবানপ্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন বলে নতুন যে গুজব বেরিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন তালেবান নেতারা। গতকাল রোববার তাঁরা এ কথা জানান। খবর এএফপির। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যু নিয়ে প্রথম খবর প্রচার হয়েছিল গত ১৪ জানুয়ারি। ওই সময় বলা হয়েছিল, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের চালকবিহীন গোয়েন্দা বিমানের হামলায় মেহসুদ নিহত হয়েছেন। কিন্তু এর কিছুদিন পর মেহসুদ বিভিন্ন গণমাধ্যমের কাছে দুটি অডিওটেপ পাঠিয়ে তাঁর মৃত্যুর খবরটি সত্য নয় বলে জানান। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছিল, হামলায় মেহসুদ আহত হয়ে থাকতে পারেন। গতকাল স্থানীয় টেলিভিশন প্রচার করে, মেহসুদকে দাফন করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘মেহসুদ বেঁচে আছেন না মারা গেছেন, তা আমি নিশ্চিত করিনি। আমার সূত্রও বিষয়টি নিশ্চিত করেনি। তবে মৃত্যুর খবরটি তদন্ত করছি আমরা।’ তালেবানের মুখপাত্র এই মাসের শুরুতে বলেছিলেন, চালকবিহীন বিমান হামলা হওয়া শাকতই এলাকায় মেহসুদ ছিলেন। কিন্তু হামলার প্রায় এক ঘণ্টা আগেই তিনি ওই এলাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মেহসুদের মৃত্যুর ব্যাপারে তাঁদের কোনো তথ্য নেই। তালেবানপ্রধানের মুখপাত্র গতকাল আবারও তাঁর মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আজম তারিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, হাকিমুল্লাহ মেহসুদ জীবিত ও নিরাপদে আছেন। তালেবানের মধ্যে মতপার্থক্য তৈরি করার উদ্দেশ্যে তাঁর মৃত্যু নিয়ে এ ধরনের প্রতিবেদন করা হচ্ছে। কিন্তু তারা কখনো সফল হবে না। তিনি বলেন, ‘যারা বলছে হাকিমুল্লাহ মারা গেছেন, তাদের উচিত প্রমাণ সরবরাহ করা। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে তিনি জীবিত আছেন এবং তাঁর দুটি অডিওটেপ গণমাধ্যমে পাঠিয়েছি।’গত বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় টিটিপির প্রধান বাইতুল্লাহ মেহসুদের মৃত্যুর পর হাকিমুল্লাহ মেহসুদ টিটিপির প্রধানের দায়িত্ব নেন। তাঁর বিরুদ্ধে হামলা চালিয়ে হাজারখানেক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।