হাক্কানি এখনো বেঁচে আছেন: তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন হাক্কানির মৃত্যুর খবরটি অস্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। আফগানিস্তানে সংঘটিত বড় বড় হামলার জন্য প্রায়ই এই হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়।গতকাল বুধবার তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘জালাল উদ্দিন হাক্কানির মৃত্যুর খবরটি আমরা সরাসরি নাকচ করে দিয়েছি। তিনি এখনো বেঁচে আছেন। তাঁর মৃত্যুর খবরটি ছিল সরকারের একটা অপপ্রচার।’আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলোর প্রচারিত খবরে বলা হয়েছিল, কিডনি রোগে আক্রান্ত হয়ে জালাল উদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে। আর তাঁর মৃত্যুর বিষয়টি টুইটারের মাধ্যমে তালেবানই নিশ্চিত করেছিল।হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তালেবানদের গভীর যোগসাজশ রয়েছে। হাক্কানি মার্কিন ন্যাটো বাহিনী ও আফগান সরকারের বিরুদ্ধে বিদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। বিশেষ করে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় তাঁরা এই কর্মকাণ্ড পরিচালনা করেন।১৮ ঘণ্টার কাবুল সহিংসতার জন্য গত মাসে হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। গত এক দশকের মধ্যে এটাই ছিল কাবুলে সবচেয়ে বড় সহিংস ঘটনা। হাক্কানির সঙ্গে আল-কায়েদারও খুব ভালো সম্পর্ক আছে বলে জানা গেছে। ১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তিনি সেই সরকারকে সহযোগিতা করেছিলেন। ২০০১ সালে মার্কিন হামলায় তালেবানের পতনের পর তিনি বিদ্রোহী হয়ে যান। বর্তমানে জালাল উদ্দিন হাক্কানির ছেলে সিরাজ উদ্দিন হাক্কানি হাক্কানি নেটওয়ার্কের দায়িত্ব পালন করছেন। এএফপি।