হিলারির প্রতি মার্কিন আইনপ্রণেতাদের আহ্বান
হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করুন
মার্কিন আইনপ্রণেতারা পাকিস্তানভিত্তিক সংগঠন হাক্কানি নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি এই আহ্বান জানানো হয়।যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টি—দুই দলের আইনপ্রণেতারাই হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পক্ষে। তাঁদের মতে, হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে মার্কিন স্বার্থের ওপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।মার্কিন সিনেট সিলেক্ট কমিটি অব ইন্টেলিজেন্সের প্রধান ডায়ানে ফিনস্টেইনসহ দুই দলের কয়েকজন আইনপ্রণেতা সম্প্রতি আফগানিস্তান সফর করেন। সেখানে তাঁরা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, আফগানিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ও মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।আফগানিস্তান থেকে ফিরে আইনপ্রণেতারা হিলারির কাছে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে বলা হয়, ‘এটা স্পষ্ট যে হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে মার্কিন স্বার্থের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। এই নেটওয়ার্ক নিরীহ মানুষ তথা নারী ও শিশুদের জীবনের জন্য চরম হুমকি।’ চিঠিতে আরও বলা হয়, গত নভেম্বরেই মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, হাক্কানি নেটওয়ার্কের বিষয়টি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে আছে। কিন্তু এখন পর্যন্ত ওই নেটওয়ার্ক আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। কাবুলে মার্কিন দূতাবাসেও হামলা চালানো হয়েছে। চিঠিতে বলা হয়, প্রশাসন হয়তো এই মুহূর্তে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইছে না। কারণ, আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক মার্কিন বিশেষ দূত মার্ক গ্রসম্যান তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্রদূত ক্রোকার জানিয়েছেন, গত বছরের পর এখন পর্যন্ত ওই আলোচনার ব্যাপারে কোনো অগ্রগতি নেই। প্রেসিডেন্ট কারজাইও তালেবানের সঙ্গে বসার বিরোধিতা করছেন। তাই এটা স্পষ্ট যে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত না করার কোনো কারণ নেই। চিঠিতে যত দ্রুত সম্ভব হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির জন্য হিলারির প্রতি আহ্বান জানান আইনপ্রণেতারা।যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে তালেবানের ঘনিষ্ঠ সহযোগী সংগঠন বলে মনে করে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ওপর হামলা ও পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট কারজাই সরকারকে বেকায়দায় ফেলতে হাক্কানি নেটওয়ার্ক কখনো তালেবানকে সাহায্য করেছে, কখনো নিজেই এই কাজ করেছে।গত মাসে কাবুলের সুরক্ষিত এলাকায় ঢুকে হামলা চালানোর জন্যও হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেন রাষ্ট্রদূত ক্রোকার। এএফপি।