হাক্কানিকে সন্ত্রাসী তালিকাভুক্তির প্রস্তাব মার্কিন সিনেটে পাস
মার্কিন সিনেট পাকিস্তান ও আফগানিস্তানে তৎপর হাক্কানি নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে।গত সপ্তাহে এ বিষয়ে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) প্রস্তাব পাস হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে সিনেটে এ প্রস্তাব পাস হলো। এটি কার্যকর হতে হলে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর প্রয়োজন হবে।প্রস্তাবে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উচিত এই জঙ্গি সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা। আইনের মানদণ্ড অনুযায়ী প্রস্তাবটি প্রয়োজনীয় শর্ত পূরণ করে কি না, তা জানাতে পররাষ্ট্র দপ্তরকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। যদি এটি আইনের মাপকাঠিতে না টেকে, সে ক্ষেত্রে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।মার্কিন প্রশাসন তালেবানের সঙ্গে একটি শান্তিচুক্তি করতে চেষ্টা চালাচ্ছে। হাক্কানি নেটওয়ার্কও হয়তো এ প্রক্রিয়ার অংশ। ফলে মার্কিন প্রশাসন সংগঠনটিকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করতে অনীহা প্রকাশ করে আসছে বলে জানা যায়। প্রস্তাবে সিনেটররা উল্লেখ করেছেন, ওই শান্তিচুক্তি প্রক্রিয়া গত বছর থেকে থেমে আছে।হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক হোগারস এ প্রস্তাব পাস হওয়াকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেছেন। এএফপি।