হাক্কানির জ্যেষ্ঠ নেতা আটক
জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা হাজি মালি খানকে আফগানিস্তানে আটক করা হয়েছে। সামরিক জোট ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গতকাল শনিবার এ কথা জানায়।আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা বাহিনী মালি খানকে গ্রেপ্তার করেছে। তিনি হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ উদ্দিন হাক্কানির চাচা। মালি খান হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানের জ্যেষ্ঠ কমান্ডার। বিবৃতিতে আরও বলা হয়, গত মঙ্গলবার আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে মালি খানকে আটক করা হয়েছে।সম্প্রতি হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চাপ দেয় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এমন সময় হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতাকে আটকের ঘোষণা দিল আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনী। তালেবানের মিত্র হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেক হামলা চালানোর অভিযোগ রয়েছে। এএফপি।