হাঙরে টেনে নিল কুকুর, সাঁতারুদের জন্য সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনি সৈকত এড়িয়ে চলতে সাঁতারুদের সতর্ক করে দেওয়া হয়েছে। ওই সৈকত থেকে একটি পোষা কুকুরকে হাঙরে টেনে নিয়ে যাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।

বিবিসি অনলাইনে প্রতিবেদনে সাদারল্যান্ড শায়ার কাউন্সিল জানায়, সিডনির জনপ্রিয় ওই সৈকতে মালিকের সামন থেকেই কুকুরটিকে টেনে নিয়ে যায় একটি হাঙর। নাইজেল নামের ওই মালিক সিডনি মর্নিং হেরাল্ডকে জানান, ‘আমরা খুব কষ্ট পেয়েছি, এটা ভয়ংকর ঘটনা।’

নাইজেল জানান, ঘটনার সময় মলি নামের আমেরিকান একজন পর্যটক লাঠি দিয়ে কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। হঠাৎ করেই খুব দ্রুত কুকুরটিকে পানির নিচে টেনে নিয়ে যায় হাঙরটি।

রোববারের ওই ঘটনার পর থেকেই কর্তৃপক্ষ সৈকতগামীদের জন্য সতর্কতা জারি করে। সেই সঙ্গে কুকুরের মালিকদের ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে কাউন্সিলের তরফ থেকে গভীর অন্ধকার বা গোধূলি বেলায় সাঁতার বা সার্ফিং না করতে বলা হয়েছে।

সৈকতে হাঙরের উপস্থিতি নিয়ে বিবিসিতে খবর প্রকাশ করা হলেও কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সৈকতে নিয়মিতভাবেই হাঙর দেখা যাচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি একজন ঘুড়ি সার্ফার ব্রাইটন লি সৈকতে হাঙরের উপস্থিতি ভিডিও করেন। এর কিছুদিন পর ১০ কিলোমিটার দূরে সিডনি বিমান বন্দরের পাশে আলেকজান্দ্রা খালে একটি হাঙর দেখা যায়। একই সময়ে বোটানি বের অগভীর পানিতে অন্য একটি হাঙর দেখা যায়।

সিডনির টারোঙ্গা চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, গত বছর অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে দুজনের মৃত্যু হয়।