হাঙ্গেরিতে বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ায় মৃত্যু ৩, অসুস্থ ১২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরির পশ্চিমাঞ্চলে একটি অ্যালুমিনিয়ামের কারখানা থেকে বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ায় তিনটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে অন্তত ১২০ জন।রাজধানী বুদাপেস্ট থেকে ১৬৫ কিলোমিটার দূরে দেভেসসার শহরের কাছে গত সোমবার ওই কারখানার বিষাক্ত বর্জ্যের আধারের বাঁধ ভেঙে যায়। এতে ছয় থেকে সাত লাখ ঘনমিটার বিষাক্ত গলিত পদার্থে স্থানীয় তিনটি গ্রামের অংশবিশেষ প্লাবিত হয়।হাঙ্গেরির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষক্রিয়ায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেসজপ্রেম, জিওর-মোসোন-সোপরন ও ভাস কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।স্থানীয় মেয়র কারোলি তাইলি জানান, মৃত তিনজনের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। বিষক্রিয়ায় ১২০ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। দেভেসসার কাউন্টির মেয়র তমাস তোলদি জানান, কমপক্ষে ৮০ থেকে ৯০ জনকে অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জিওর হাসপাতালের চিকিৎসক পিটার জাকাবোস জানান, এসব পদার্থের সংস্পর্শে মানুষের শরীর পুড়ে যায়। প্রথমদিকে এটি হালকা পোড়া মনে হয়, কিন্তু ধীরে ধীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সাধারণ মানুষ প্রথমদিকে বিষয়টি বুঝতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজ্যের পরিবেশমন্ত্রী জোলতান ইলেস ঘটনাটিকে হাঙ্গেরির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এতে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে।গতকাল নতুন করে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ইউনিট (এনডিইউ) এ খবর নাকচ করে দিয়েছে। এনডিইউয়ের মুখপাত্র জিওর্জি তোতোস জানান, বাঁধ মেরামত ও বিষাক্ত পদার্থ পরিষ্কার করার কাজ চলছে। ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থ নিস্ক্রিয় করে ফেলার কাজ চলছে। এ জন্য মার্সাল নদীতে কয়েক শ টন রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়া হয়েছে।আজকাই টিমফোল্ডজিয়ার নামের ওই কারখানায় এক টন অ্যালুমিনিয়াম উৎপাদন করতে তিন টন বিষাক্ত গলিত বর্জ্য তৈরি হয়। সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স।